বরিশালে থমথমে পরিস্থিতি, বিজিবি মোতায়েন

জুলাই ১৮ ২০২৪, ১২:৫৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘোষিত দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ চলছে। এ কর্মসূচির ফলে বরিশাল নগরীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জেলায় বৃহস্পতিবার ভোর থেকে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

তিনি জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব গেইটে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। শিক্ষার্থীদের রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে না। এছাড়া সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের গেইটে অবস্থা নিয়েছে পুলিশ। এ সময় ছাত্রদের ঢুকতে দেওয়া হচ্ছে না। নগরীর নথুল্লাবাদ এলাকায় ছাত্রলীগ শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে। যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ তেমন ঘরের বাইরে বের হচ্ছেন না।

এর আগে গতকালের সহিংসতায় বরিশাল নগরীতে ১৩ পুলিশ, ১০ সাংবাদিকসহ অন্তত ৭৯ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘোষিত দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউনকে’ কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে মঙ্গলবার পুলিশ ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষে তিন জেলায় ৬ জনের মৃত্যু হয়। এরপরই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। বন্ধ করে দেওয়া হয়েছে সিটি এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোও।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া