ভোলার নৌথানায় এএসআই গুলিবিদ্ধ
জুন ২৩ ২০২৪, ২০:৫৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার পূর্ব ইলিশা নৌথানায় মোকতার হোসেন নামে এক সহকারী উপপরিদর্শক (এএসআই) গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৩ জুন) বিকেল পৌনে ৪টার দিকে ডিউটিতে যাওয়ার প্রস্তুতির সময় তিনি গুলিবিদ্ধ হন বলে জানায় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার জানান, বিকেল পৌনে ৪টায়, নৌথানার সদস্যরা ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় টেবিলের ওপর রাখা পিস্তল থেকে অসাবধানতা বসত গুলি বের হয়ে এএসআই মোকতার গুলিবিদ্ধ হন।
তাৎক্ষণিকভাবে তাকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই এএসআইকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও জানান, ডিউটিতে যাওয়ার জন্য অস্ত্রাগার থেকে অস্ত্র বুঝে নেয়ার সময় মিস ফায়ার হয়ে মোকতার গুলিবিদ্ধ হন। প্রত্যক্ষদর্শী কেউ থানায় না থাকায় এর বেশি জানা যায়নি। বিষয়টি নৌথানায় হওয়ায় তারা ব্যবস্থা নেবেন।
নৌথানার ডিউটি অফিসার সনজিব জানান, ঘটনার সময় তারা ৮ জন ছিলেন। মোকতার বিশেষ অভিযানে চট্টগ্রামের কাপ্তাই যাওযার প্রস্তুতি নিচ্ছিল। মোকতার আহত হওয়ার পর তাকে নিয়ে ওসি ও দুজন কনস্টবল বরিশাল গেছেন। বাকি ৫ জন থানায় আছেন।









































