বিসিবি পরিচালক আলো আর নেই
জুন ১৯ ২০২৪, ১৬:৪০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান আলো মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। বুধবার (১৯ জুন) সকালে ঢাকার ডিএইচএসের বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন আলমগীর খান আলোর ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর লিয়াকত হোসেন খান লাবু। তিনি জানান, বিকেলে বরিশালে নিয়ে আসা হবে। এরপরে পারিবারিকভাবে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে কখন জানাজা ও দাফন কোথায় হবে। আলমগীর খান আলো দীর্ঘদিন শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন।
তিনি ফুটবল ফেডারেশনের সঙ্গেও যুক্ত ছিলেন। কয়েক মেয়াদেই তিনি ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। ক্রীড়াঙ্গনের বহুমুখী সংগঠক আলোর মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমে এসেছে।









































