ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মাঠে থাকবে নিসচা
জুন ১৪ ২০২৪, ১২:২২
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কাজ করবে নিরাপদ সড়ক চাই আন্দোলন বাংলাদেশ (নিসচা) বরিশাল জেলা কমিটি। ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে সংগঠনের সদস্যরা। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করনীয়-বর্জনীয় বিষয়ে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ, মাইকিং, পথসভাসহ বিভিন্ন স্থানে রোড শো করার কথা জানিয়েছেন সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন ও সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী।
নগরীর বিভিন্ন স্থানে প্রচার প্রচারণার বিষয় তারা বলেন, দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে সড়ক দুর্ঘটনার সংখ্যা। ভয়াবহ এই দূর্ঘটনায় প্রতি বছর বহু মানুষ আহত নিহত হয়। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসব এর সময় সড়ক দূর্ঘটনা বেশি ঘটে।
তারা আরও বলেন,সড়কে ফিটনেস বিহীন গাড়ি চলাচল, বেপরোয়া গতি, ওভার কনফিডেন্স, ওভার স্পিট, অদক্ষ চালক, অতিরিক্ত যাত্রী বহনসহ পথচারীদের ভুলেও সড়ক দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। আর এই দূর্ঘটনা প্রতিরোধের একমাত্র উপায় হলো সড়ক পরিবহন আইন মেনে চলা।
পাশাপাশি বৃদ্ধি করতে হবে সতর্কতা ও সচেতনতা। নিসচার পক্ষ থেকে আমরা সকলের প্রতি অনুরোধ করবো যে সকল কারণে সড়ক দুর্ঘটনা ঘটে সেগুলো পরিহার করুন এবং সড়ক আইন মেনে চলুন। আমাদের চাওয়া শুধু একটাই পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়। আমরা সড়কে মৃত্যুর মিছিল দেখতে চাই না।









































