ত্রাণের কার্ড নিয়ে দ্বন্দ্ব, প্রতিবেশীদের হামলায় কাঠমিস্ত্রির মৃত্যু
জুন ০২ ২০২৪, ১৯:৩৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ত্রাণের কার্ড নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আব্দুর রব (৪৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (২ জুন) বেলা ১১টার দিকে বরিশাল শের -ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুর রব পিরোজপুর জেলার কাউখালী উপজেলার চিরাপাড়া ইউনিয়নের নিলতি এলাকার মৃত মকবুল হাওলাদারের ছেলে।
নিহতের স্ত্রী রোজিনা আক্তার জানান, নিহত আব্দুর রবের ভাই মজিবর হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম স্থানীয় ওয়ার্ডের মেম্বার। শনিবার (০১ জুন) সন্ধ্যায় মজিবর হাওলাদারের স্ত্রী খাদিজার কাছে ত্রাণের কার্ডের বিষয় নিয়ে কথা বলতে প্রতিবেশী সঞ্জয়, সঞ্জীব, সোলায়মানসহ বেশ কিছু লোক আসেন।
যা নিয়ে পরবর্তীতে খাদিজা ও তার স্বামী মজিবর হাওলাদারের সঙ্গে কথা তাদের কাটাকাটি হয়। একপর্যায়ে মজিবর হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালায় সঞ্জয়, সঞ্জীব, সোলায়মানসহ কতিপয় দুর্বৃত্ত। যার প্রেক্ষিতে ভাই মজিবরকে রক্ষায় কাঠমিস্ত্রি আব্দুর রব এগিয়ে যান। ওই সময় হামলাকারীরা রড দিয়ে আব্দুর রবের মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
রোজিনা বলেন, তখন বাড়ির নারীদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় আব্দুর রব ও মজিবর হাওলাদারকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে রাত সাড়ে ১০টায় আব্দুর রবকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি-১ ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থান রোববার (২ জুন) দুপুর পৌনে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সার্জারি ইউনিট-১ চিকিৎসক অনুপ। এদিকে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানিয়েছেন, শারীরিক আঘাতে নিহত আব্দুর রবের মরদেহ বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয়েছে। তাদের সুরতহাল প্রতিবেদন তৈরির পর সোমবার মরদেহের ময়নাতদন্ত হবে।
এ বিষয়ে কাউখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, ত্রাণের কার্ড না পাওয়া কারণ জানতে মেম্বার খাদিজার কাছে যান হামলাকারীরা। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়।
এ সময় সোলায়মান নামে এক ব্যক্তি আব্দুর রবের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়। তিনি বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে, এ পর্যন্ত সঞ্জীবসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারী বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।









































