চলমান তাপপ্রবাহে পর্যাপ্ত সতর্কতা অবলম্বনের তাগিদ জেলা প্রশাসকের

এপ্রিল ২১ ২০২৪, ১৯:০৮

নিজস্ব প্রতিবেদক ‍॥ সারাদেশের মতোই বরিশালেও চলমান তাপপ্রবাহে সবাইকে পর্যাপ্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম। এসময় তিনি সরকারঘোষিত চলমান হিট অ্যালার্টে প্রত্যেকের জন্য ব্যক্তিগত এবং দাপ্তরিকভাবে করণীয় বিষয়গুলোর ওপর গুরুত্ব দিতে বলেন।

আজ (২১ এপ্রিল) সকালে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা তাঁদের নিজ নিজ দাপ্তরিক কার্যক্রমের বর্তমান চিত্র, গৃহীত পদক্ষেপ, অর্জিত অগ্রগতি এবং নিকট ভবিষ্যতের জন্য প্রণীত পরিকল্পনার ব্যাপারে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্য অংশীজনের সাথে মতামত আদান-প্রদান করেন।

তাঁদের আলোচনায় চলমান তাপদাহে জেলার কৃষক, মাঠে আবাদকৃত ফসল, প্রাণিসম্পদ ইত্যাদি সুরক্ষার ওপরেও বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি চলমান শুষ্ক মৌসুমে জেলার হোটেল-রেস্টুরেন্ট, বিভিন্ন খাবারের দোকান ও বিক্রেতাদের বিক্রিত খাদ্যের মান নিশ্চিত করার ওপর জোর দেয়া হয়।

এছাড়া এ মৌসুমে তাপপ্রবাহ, কালবৈশাখী ঝড়, সম্ভাব্য নিম্নচাপ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি অগ্নিকাণ্ড এবং পানিতে ডুবে প্রাণহানির মতো মানবঘটিত দুর্ঘটনা প্রতিরোধেও সচেতন থাকার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়। অন্যান্য বিষয়ের মধ্যে মাছ ধরায় চলমান বিধিনিষেধ, ঈদ-পরবর্তী বাজার ও দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে মনিটরিং, কুয়াকাটাসহ বরিশালের বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলোর নিরাপত্তা ও সার্বিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার মতো বিষয়াদি গুরুত্ব পায়।

সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান চলমান তাপপ্রবাহে অনুসরণীয় স্বাস্থ্য সতর্কতার ওপর আলোকপাত করেন। তাঁর বক্তব্যে বরিশালে ডায়রিয়া, কলেরা ইত্যাদি রোগের সাম্প্রতিক প্রকোপ বৃদ্ধির প্রসঙ্গ উঠে আসে। এসময় তিনি উপস্থিত সবার প্রতি বাইরের যে কোনো খোলা ও অস্বাস্থ্যকর খাবার সর্বতোভাবে পরিহার করা, উন্মুক্ত জলাশয়ের পানি পান করা থেকে বিরত থাকা এবং হিট স্ট্রোকে আক্রান্তদের ক্ষেত্রে করণীয় বিষয়ে নানান গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে একই স্থানে জেলা প্রশাসনের আয়োজনে জেলা কর্ণধার কমিটির সভা, তাপদাহ পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ক মতবিনিময় সভা এবং জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভার মতো কিছু গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া