চোরকে চোর বলুন, তা যেই হোক না কেন: সাংবাদিকদের ইসি আহসান হাবিব
মার্চ ৩০ ২০২৪, ১৯:২৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব:) বলেছেন, সংসদ সদস্যদের অনুরোধ জানিয়েছি এবং ভবিষ্যতেও জানাবো যাতে উপজেলা নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার করা না হয়। আজ শনিবার বরিশাল জেলা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়কালে তিনি একথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, প্রশাসনকে বলেছি যেন তারা সকলের সঙ্গে সমান ব্যবহার করেন এবং শ্রদ্ধার সঙ্গে কথা বলেন। তবে অনিয়ম-অন্যায়ের বিরুদ্ধে বল প্রয়োগ ও আইন প্রয়োগ করতে হবে শতভাগ। তারাও (প্রশাসনও) আমাকে আশ্বস্ত করেছে। তিনি আরও বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনের নতুন বিধিতে সাংবাদিকদের গায়ে যদি কেউ আচরণ দেয় তাহলে সঙ্গে সঙ্গে তার শাস্তি হবে। এই বিধির মাধ্যমে সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
তিনি গনমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘চুরি করলে চোরকে চোর বলুন, তা যেই হোক না কেন। আমরা মিডিয়াতে দেখে অ্যাকশন নেব। আপনারা মাঠ পর্যায়ে আমাদের চোখ এবং কান হিসেবে ভূমিকা রেখে যাচ্ছেন।’তিনি বলেন, ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। নিশ্চিন্তে থাকেন ভোটার উপস্থিতি অনেক বেশি হবে।
এ সময় বিভাগীয় কমিশনার শওকত আলী ও পুলিশ কমিশনার জাহিদুল কবিরসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ৮ মে বরিশাল জেলার মধ্যে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।









































