বরিশালে শিকলে বন্দি নাজমার জীবন: অর্থাভাবে হচ্ছে না চিকিৎসা
জানুয়ারি ২১ ২০২৪, ১৭:৪২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদীতে গৃহবধূ নাজমা আক্তার (৩৫) গত ২ বছর ধরে পায়ে শিকল পরা অবস্থায় দিন কাটাচ্ছেন। মানসিক প্রতিবন্ধী নাজমা উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সালতা গ্রামের বৃদ্ধ উমর আলী হাওলাদারের মেয়ে। আর্থিক অস্বচ্ছলতার কারণে সুচিকিৎসা করাতে পারছেন না বৃদ্ধ বাবা।
রোববার (২১ জানুয়ারি) দুপুরে সরেজমিন নাজমার বাড়িতে গিয়ে দেখা যায়, খুঁটির সঙ্গে শিকল দিয়ে নাজমার এক পা বেঁধে রাখা হয়েছে। ঝড়-বৃষ্টি, শীত-গ্রীষ্মে ওই চালা ঘরের মেঝেতে খড়ের ওপর শুয়ে কিংবা ঘরের দরজার সামনে বসে সারাদিন কাটে তার।
নাজমার বৃদ্ধ মা মনোয়ারা বেগম জানান, তিন বছর আগে নাজমার স্বামী রহিম হাওলাদার মারা যায়। এরপর পুরো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে। অন্যত্র যাতে চলে যেতে না পারে সেজন্য গত দুই বছর যাবত তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে।
তিনি বলেন, যেখানে আমাদের তিন বেলা খাবার জুটে না, সেখানে মেয়েকে সুচিকিৎসা করাই কিভাবে? তাই বাধ্য হয়ে মেয়েকে শিকল দিয়ে বেঁধে রেখেছি। এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান জানান, বিষয়টি আপনাদের মাধ্যমেই জানতে পারলাম। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিবেন বলে জানান।









































