আবাসিক হোটেলে ক্যামেরা চালু রেখে প্রেমিক-প্রেমিকাকে পিটুনি
জানুয়ারি ১১ ২০২৪, ২০:১১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের কর্নাটকে আবাসিক হোটেলের কক্ষে ঢুকে প্রেমিক-প্রেমিকাকে পিটিয়েছেন ছয় যুবক। তাদের অভিযোগ, ওই দুজন ভিন্ন ধর্মের। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হামলাকারীরা নিজেরাই নিজেদের ভিডিও করেন।
সেখানে দেখা যায়, হানাগাল তালুক হোটেলে ওই কক্ষের বাইরে ছয়জন অপেক্ষা করছিলেন। কক্ষ নম্বর ভিডিও করে দরজায় টোকা দিয়ে অপেক্ষা করেন তারা। দরজা খোলার সঙ্গে সঙ্গে প্রেমিককে ধাক্কা দিয়ে তার প্রেমিকার কাছে যান ওই যুবকরা। এ সময় কক্ষে থাকা নারী বোরকা দিয়ে নিজের মুখ ঢাকার চেষ্টা করছিলেন।
তখন হামলাকারীরা ওই নারীকে গালিগালাজ করতে থাকেন এবং আক্রমণ করেন। প্রেমিককে বাঁচানোর চেষ্টা করলে তার ওপর দুই-তিনজন ঝাঁপিয়ে পড়েন। একটা সময় পালানোর চেষ্টা করে ব্যর্থ হন তিনি। হামলাকারীদের একজন ওই নারীকে টেনে বিছানার কাছে নিয়ে যান এবং মেঝের সঙ্গে মাথা বাড়ি দেন। আরেক ভিডিওতে দেখা যায়, হামলার পর হোটেলের কক্ষে থাকা নারী মুখ ঢেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু হামলাকারীরা তার হিজাব তুলে ভিডিও করেন।
এ বিষয়ে হানাগাল পুলিশ স্টেশনের অভিযোগ করেছেন ওই যুগল। হামলাকারীদের দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। পুলিশ জানায়, গত ৭ জানুয়ারি এই ঘটনা ঘটে। অভিযুক্ত ছয়জন সংখ্যালঘু সম্প্রদায়ের। তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অপহরণ ও যৌন নিপীড়নের মামলাও করা হয়েছে।









































