মানুষের কথায় নিজেদের ফেভারিট মানছেন না মেসি
নভেম্বর ১৫ ২০২২, ১১:৪৭
স্পোর্টস ডেস্ক: ব্রাজিলকে হারিয়ে ২০২১ সালে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। এরপর ফিনালিসিমায় আলবেসেলিস্তেদের শিকার ইতালি। টানা দুই শিরোপা জয়ীরা বিশ্বকাপের আগে ৩৫ ম্যাচ অপরাজিত থেকেছে। ফুটবল বোদ্ধাদের মতে, এবারের বিশ্বকাপটা উঠবে আর্জেন্টিনার শোকেসেই। তবে লিওনেল মেসির কণ্ঠে অন্য সুর। মানুষের কথায় নিজেদের ফেভারিট মানতে নারাজ সাত ব্যালন ডি’অরের মালিক। আর্জেন্টাইন সুপারস্টারের চোখে ফেভারিট ফ্রান্স ও ব্রাজিল।
আগামী ২০শে নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে আর্জেন্টিনার। ‘সি’ গ্রুপে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিপক্ষ পোল্যান্ড ও মেক্সিকো। মেসি মনে করেন, বিশ্বকাপের মঞ্চে প্রত্যেক দলই সমীহের দাবিদার।
আর্জেন্টাইন সাংবাদিক হোর্হে ভালদানোকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘এখন সব দলের বিপক্ষে খেলাই কঠিন। (বিশ্বকাপে) যেকোনো দলকে হারানো কঠিন হবে।’
২০১৯ সাল থেকে টানা অপরাজিত থাকায় আর্জেন্টিনাকে ফেভারিট মানছেন অনেকে। তবে ফেভারিট তত্ত্বে বিশ্বাসী নন মেসি। তার মতে সাফল্য পেতে ফেভারিটের তকমা লাগানো যাবে না; বাস্তবাদী হতে হবে মাঠে। মেসি বলেন, ‘(অপরাজিত থাকার পথে) ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে আমরা খুব বেশি ম্যাচ খেলিনি। তবে লাতিন দলগুলোকে হারানোও কঠিন। আর আমরা ভালো ফর্ম নিয়েই বিশ্বকাপে খেলব। কিন্তু মানুষের কথায় নিজেদের ফেভারিট মানতে পারি না। আমাদের বাস্তববাদী হতে হবে এবং ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে।’
মেসির চোখে ফেভারিট ফ্রান্স ও ব্রাজিল। আর্জেন্টাইন সুপারস্টার বলেন, ‘ফ্রান্স ভালো দল। তাদের কয়েকজন খেলোয়াড় চোট পেলেও ভয় পাইয়ে দেয়ার মতো দল গড়েছে। দলে সেরা খেলোয়াড়েরা আছেন এবং এমন একজন কোচ রয়েছেন, যিনি দীর্ঘদিন ধরে খেলোয়াড়দের সঙ্গে কাজ করে গত বিশ্বকাপও জিতেছেন। ব্রাজিলের খেলোয়াড়েরাও বেশ ভালো। বিশেষ করে আক্রমণভাগে। তাদের ভালো ৯ নম্বর আছে, নেইমারও আছে।’
ছন্দে থাকা আর্জেন্টাইনদের নিয়ে শিরোপার জন্যই লড়বেন মেসি। আর সৌদি আরবকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করতে চান তিনি। মেসি বলেন, ‘আমি মনে করি, আমাদেরও ভালো একটি দল আছে। ছেলেরা ছন্দে রয়েছে। জিও’র (জিওভান্নি লো সেলসো) চোট আমাদের দুর্ভাগ্য। আমরা (শিরোপার জন্য) লড়াই করব। এটাই লক্ষ্য। তবে সবার আগে প্রথম ম্যাচটা জিততে হবে।’
২২শে নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচের পর ২৭শে নভেম্বর মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগামী ১লা ডিসেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে মেসিরা।








































