বরিশালে তিন লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
ডিসেম্বর ০৪ ২০২৩, ১৭:৪৩
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলায় আগামী ১২ ডিসেম্বর ছয়মাস হতে পাঁচ বছর বয়সী তিন লক্ষাধিক শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
আজ স্বাস্থ্য বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্রে জেলা সিভিল সার্জন কার্যালয় আয়োজিত অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, বরিশাল জেলায় ১০টি উপজেলায় নয়টি স্থায়ী কেন্দ্রসহ দুই হাজার একশত ১৬টি টিকাদান কেন্দ্র রয়েছে।
এতে চার হাজার দুইশত চৌদ্দ জন স্বেচ্ছাসেবক থাকবেন। ছয় হতে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২ হতে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। একই সাথে ভিটামিন এ সম্পর্কে প্রচার কাজও চালানো হবে। সভায় সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান সভাপতিত্ব করেন।
এসময় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডাঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, ইসলামী ফাউন্ডেশনের পরিচালক নুরুল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্তারুজ্জামানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









































