বরিশালে বাসের ধাক্কায় প্রবাসী নিহত
ডিসেম্বর ০৩ ২০২৩, ১৯:৫৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঢাকা -বরিশাল মহাসড়কের নতুন শিকারপুরের মুন্সিবাড়ির দরজা নামক স্থানে রাস্তা পারাপারের সময় (৫৫) বছরের এক প্রবাসীকে বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। রবিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার সময় শিকারপুর ইউনিয়নের মণ্ডপাশা গ্রামের মৃত করিম মুন্সির পুত্র মোঃ আলতাফ মুন্সী (৫৫) শিকারপুর হাট থেকে বাজার নিয়ে বাড়িতে আসার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের পুর্বপাশ হতে পশ্চিম পাশে যাওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। বাসটি দ্রুত পালিয়ে যায়।
নিহত আলতাফ মুন্সির ভাতিজা মাসুম মুন্সী বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় উজিরপুর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি কে এম ইসমাম ঘটনাস্থল পরিদর্শন করেন। উজিরপুর মডেল থানার এস আই ওসমান জানান, দুর্ঘটনার সময় স্থানীয় লোকজন মাগরিব এর নামাজ আদায় করছিলেন বলে ঘাতক বাসটি চিহ্নিত করতে পারেননি কেউ। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, ‘ঘাতক বাসটির পরিচয় নিশ্চিত করে আটক করার প্রক্রিয়া চলছে।’









































