‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাজনীতি রুখতে প্রয়োজন জাতীয় ঐক্য’

নভেম্বর ২৩ ২০২৩, ১৯:৪২

ডেস্ক প্রতিবেদক ‍॥ ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাজনীতি রুখতে প্রয়োজন জাতীয় ঐক্য। সকল অপশক্তি মোকাবিলায় জাতীয়ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদসহ পশ্চিমাদের অপরাজনীতি ও ষড়ষন্ত্র রুখে দিতে সবাইকে এখন থেকেই সচেতন হতে হবে। আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ চাই। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ দেশ গড়ে তুলতে চাই।’

এডুকেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশের (ইআরডিএফবি) আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাজনীতি’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্‌দীন আহমদ বলেন, যারা বঙ্গবন্ধুকে মানে না, তারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। এ দেশের সন্ত্রাস, জঙ্গিবাদ এবং পশ্চিমাদের অপরাজনীতি ও ষড়ষন্ত্রকে রুখে দিতে সবাইকে এখনই সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরডিএফবি সভাপতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। সভাপতির বক্তব্যে অধ্যাপক সাজ্জাদ বলেন, আজকের বাংলাদেশ অদম্য বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন। দেশকে এগিয়ে নিতে আমাদের গবেষণা ও প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। প্রযুক্তির অদৃশ্য শক্তি অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাজনীতি রুখতে প্রয়োজন জাতীয় ঐক্য। সকল অপশক্তি মোকাবিলায় জাতীয়ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলাদেশের অদম্য অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগ তথা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-এর উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর-এর উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ, বরিশাল-এর উপাচার্য অধ্যাপক ড. আবু হেলাল মো. আবদুল বাকী, ট্রাস্ট ইউনিভার্সিটি, বরিশাল-এর উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রমুখ।

ইআরডিএফবির সাধারণ সম্পাদক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। তিনি বলেন, আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ চাই। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ দেশ চাই। এজন্য আমাদের সকল অপরাজনীতি প্রতিহত করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে বিশ্বাস করতে হবে। তার পাশে দাড়িয়ে তার হাতকে শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইআরডিএফবির যুগ্ম-সাধারণ সম্পাদক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম তাওহিদুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. আব্দুল কাইয়ুম এবং অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ।

সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাজনীতি বিরোধী এ আলোচনা সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া