বাকেরগঞ্জে সড়ক ও ড্রেনে ময়লার ভাগাড়!
নভেম্বর ১২ ২০২৩, ২০:২৭
ডেস্ক প্রতিবেদক ॥ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় পৌর এলাকায় হাট বাজার, সরকারি হাসপাতালসহ বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসা বর্জ্যসহ পৌর কর্তৃপক্ষের বর্জ্য রাস্তার উপরে ফেলা হচ্ছে। এসব বর্জ্য রাস্তার উপরেই জমে থাকছে বছরের পর বছর ধরে। পৌর শহরের বিভিন্ন স্থানে সড়কের ধারে ও ড্রেনে বর্জ্য ফেলে স্তুপ করে রাখা হয়েছে।
প্রথম শ্রেণির পৌরসভা হলেও এগুলো নির্দিষ্ট স্থানে ডাম্পিং করার ব্যবস্থা এখনো করেনি পৌর কর্তৃপক্ষ। চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে পৌরবাসী। এর মধ্যেই বেড়েছে এডিসসহ সব মশার প্রজনন। মশার উৎপাতে নাজেহাল পৌর এলাকার মানুষ। হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে পৌর এলাকার ১নং ওয়ার্ডের বাকেরগঞ্জ বরগুন আঞ্চলিক সড়কের পাশে ময়লার ভাগাড় থেকে রোগ জীবাণুসহ মশা-মাছির বংশবিস্তারে আবাসিক এলাকায় মানুষ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড বিআইপি ক্লিনিক সংলগ্ন বাকেরগঞ্জ বরগুনা সড়কের পাশে গড়ে উঠেছে জাহানারা ক্লিনিক, গ্রীন লাইফ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারসহ একাধিক ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার থেকে প্রতিদিনের বর্জ্য বাকেরগঞ্জ বরগুনা আঞ্চলিক সড়কের উত্তর পাশে আবাসিক এলাকায় সাধারণ বর্জ্যরে মত কোনো সুরক্ষা ছাড়াই ঝুঁকিপূর্ণ ফেলা হচ্ছে যেখানে সেখানে। এমনকি পৌরসভার বর্জ্য একই স্থানে ফেলা হচ্ছে। ইঞ্জেকশনের সূচ, জীবাণুযুক্ত তুলো, ব্যান্ডেজ বা মেয়াদোত্তীর্ণ ওষুধ সমস্ত পচে গলে মিশে যাচ্ছে বাস স্ট্যান্ড পৌর কাঁচা বাজারের ফেলে দেওয়া সাধারণ বর্জ্যের সঙ্গে। এ ছাড়াও, টিএনটি রোডের পাশে একাধিক স্থানে ময়লার স্তুপ রয়েছে। টিএনটি রোডের সড়কের পাশে পৌর ড্রেন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এসব স্থান থেকে এখন জীবাণু ও ব্যাকটেরিয়াসহ ডেঙ্গু ছড়াচ্ছে।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, ডেঙ্গু প্রতিরোধ মশা নিধন ঔষধ স্প্রে করা সহ অবিলম্বে দূষণ প্রতিরোধে ব্যবস্থা না নিতে পারলে এই এলাকা-সহ বিস্তীর্ণ এলাকার মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত সহ দুরারোগ্য রোগে আক্রান্ত হতে পারে।
সংবাদমাধ্যমের সাথে কথা হলে বাস স্ট্যান্ড ডিজিটাল ক্লিনিক এর ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন জানান, প্রতি মাসে আমাদের ক্লিনিক থেকে চার হাজার টাকা ও আমাদের হোটেল থেকে এক হাজার টাকা পৌর কর্তৃপক্ষকে বর্জ্য ব্যবস্থাপনার জন্য দিতে হচ্ছে। আমরা আমাদের ক্লিনিকের নির্দিষ্ট ড্রামে বর্জ্য ফেলি। পৌর কর্তৃপক্ষ কোথায় ময়লা ফেলে সেটা তাদের দায়িত্ব। পৌর কর্তৃপক্ষ সেই বর্জ্য কোথায় নিয়ে ফেলে সেটা আমার ভালো জানা নেই।’
পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ জানান, পৌরসভা থেকে ময়লা ফালানোর জন্য কোনো নির্দিষ্ট স্থান না থাকায় এইখানে ময়লা ফেলানো হচ্ছে। তবে পৌর এলাকার ময়লা ফালাতে একটি নির্দিষ্ট স্থান করার জন্য পৌর কর্তৃপক্ষ চেষ্টা চালাচ্ছে।’
বরিশালের সিভিল সার্জন ডা. মারিয়া হাসান জানান, এই সকল ক্লিনিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বর্জ্য অপসারণ এর দায়িত্ব পৌর কর্তৃপক্ষের।









































