“মুজিব” একটি জাতির রূপকার’

নভেম্বর ০৫ ২০২৩, ২২:১৪

আরিফ আহমেদ, বিশেষ প্রতিবেদক ॥ এ এক মজার দৃশ্য! আওয়ামী মুসলিম লীগ গঠনের পর যুবনেতা শেখ মুজিবুর রহমান সভাপতি মাওলানা ভাসানীকে সাথে নিয়ে ছুটে আসেন টাঙ্গাইলে মাওলানা শামসুল হকের গ্রামে। সেখানে তখন চলছিল শামসুল হকের বিয়ের আয়োজন। যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান যখন মাওলানা শামসুল হককে অভিনন্দন জানালেন তখন শামসুল হক ভাবলেন এটা বুঝি তার বিয়ের জন্য।

তাই তিনি নববধূর প্রশংসায় পঞ্চমুখ হলেন। পাশে দাঁড়ানো মাওলানা ভাসানী মুচকি মুচকি হাসছেন মাওলানা শামসুল হকের অবস্থা দেখে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন ‘বিয়ের জন্য তো বটেই আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হিসেবে আপনাকে অভিনন্দন! এই আনন্দ উচ্ছলতা টেকেনি বেশীক্ষণ। এ ঘটনার কয়েকদিন পরেই মাওলানা ভাসানী, শামসুল হক এবং শেখ মুজিবুর রহমানকে আটক করে নারায়নগঞ্জের কারাগারে পাঠানো হয়। সেখানে মানসিকভাবে ভেঙে পড়েন মাওলানা শামসুল হক।

তাঁর আচরণের অপ্রকৃতস্থতা হাসির খোরাক হয়ে ওঠে। হেসে ওঠেন হলভর্তি দর্শকেরা। তাঁকে ও বয়োবৃদ্ধ হবার কারণে মাওলানা ভাসানীকে জামিনে মুক্তি দেওয়া হলেও শেখমুজিবুর রহমানকে নির্জন কক্ষে অন্তরীণ রাখা হয়। একইসময় ভাষা আন্দোলন ও সালাম, বরকত রফিক সহ ভাষাসৈনিকদের মৃত্যু সংবাদে কারাগারের ভিতরে বসে কিছু না করতে পারার যন্ত্রণায় কেঁদে ওঠেন শেখ মুজিবুর রহমান। কান্নার রোল পড়ে যায় বরিশালের শিল্পকলা একাডেমি মিলনায়তনেও। হলভর্তি দর্শকের মাঝে বসে দর্শকদের সাথে সাথে কেঁদে ওঠেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ)জাহিদ ফারুক, নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন, মহিলা কাউন্সিলর মজিদা বেগম, শাহানারা শানু, যুবনেতা জিন্নাহসহ আরো অনেকে। যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, অসাধারণ একটা ছবি। তরুণ প্রজন্মের কাছে জাতির জনকের ত্যাগ  তিতীক্ষা স্পষ্ট করবে এই বায়োপিক।

২০ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব এতোটাই মগ্ন ছিলেন ছবি দেখায়, যে তার পাশে বসে ডেকেও তার সাড়া পাওয়া যায়নি। পরে ছবি শেষ হলে তিনি আবেগাপ্লুত কন্ঠে বললেন, এই ছবি দেখলে জাতি বুঝবেন, তারা কি হারিয়েছেন। তিনি অসাধারণ অভিনয়ের জন্য ছবিটির সব কলাকৌশলীদের প্রতি কৃতজ্ঞতা জানান। ধন্যবাদ জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুককেও। এমন একটা সিনেমা বিনামূল্যে দেখানোর ব্যবস্থা করার জন্য। ধন্যবাদ জানালেন ছাত্র ও যুবলীগের নেতাকর্মীদের অনেকেই।

৫ নভেম্বর রবিবার বরিশালের শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উপর নির্মিত ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি মুজিব : একটি জাতির রূপকার’ বিনামূল্যে সাধারণ মানুষের জন্য দেখার ব্যবস্থা করেন জাহিদ ফারুক শামীম এমপি। তার উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে ৫০০ আসনের শিল্পকলা একাডেমি মিলনায়তন পরিপূর্ণ দর্শক কখনো কান্নায় ভেঙে পড়েেছন আবার শেখ মুজিবের বজ্রকন্ঠের ধ্বনিতে স্তব্ধ হয়েছেন। জেলখানা থেকে সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে লেখা চিঠিতে বঙ্গবন্ধু তাকে রেনু বলে সম্বোধন করতেন। কারো কথা না লিখলেও হাসুর কথা লিখতে ভুলতেন না কখনোই। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে তুলে ধরার চমৎকার ইতিহাসধর্মী চলচ্চিত্র এই মুজিব  : একটি জাতির রূপকার’ বায়োপিক। এই বায়োপিকের চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক শ্যাম বেনেগালের বহুদিনের বিশ্বস্ত সহযোগী শামা জাইদি। সঙ্গে ছিলেন অতুল তিওয়ারি।

প্রবাদ প্রতীম পরিচালক এম এস সথ্যুর স্ত্রী শামা নিজেও থিয়েটার ও চলচ্চিত্র দুনিয়ার একজন কিংবদন্তী। এর আগেও শ্যাম বেনেগালের বহু ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটির পরিচালনা করেছেন নির্মাতা শ্যাম বেনেগাল।

চলচ্চিত্রটি ১৩ অক্টোবর বাংলাদেশের ১৫০টি প্রেক্ষাগৃহে এবং  ২৭ অক্টোবর ভারতজুড়ে মুক্তি পেয়েছে। চলচ্চিত্রটির প্রযোজক বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ভারতের তথ্য ও সম্প্রচার বিভাগ। অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এবং ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এনএফডিসি) লিমিটেড এটির নির্বাহী প্রযোজক। চলতি বছরের ৩১ জুলাই দুই দেশের সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় চলচ্চিত্রটি। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবং শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।

গত ১৩ অক্টোবর বাংলাদেশ ফিল্ম আর্কাইভে বায়োপিকটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। প্রিমিয়ার শো দেখার আগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সাংবাদিকদের বলেছেন, বহু প্রতীক্ষিত এ বায়োপিকটির মাধ্যমে বঙ্গবন্ধুর অনেক অজানা তথ্য ও ইতিহাসের নতুন অধ্যায় সম্পর্কে জানবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর তার নাম মুছে ফেলার বহু চেষ্টা করা হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেছেন, ইতিহাস কথা বলে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অনেক চেষ্টা করা হয়েছিল। কিন্তু এটা প্রমাণিত যে ইতিহাস কখনো মুছে ফেলা যায় না।

এর আগে, ২০২২ সালের ১৯ মে ফ্রান্সে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবকালে ছবিটির প্রাথমিক ট্রেলার মুক্তি পায়। গত ১ অক্টোবর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মুজিব বায়োপিকের চূড়ান্ত ট্রেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এছাড়া গত ১৪ সেপ্টেম্বর কানাডায় ৪৮তম টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী হয় । এতে আরো অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌকির আহমেদ, চঞ্চল চৌধুরী, প্রার্থনা ফারদিন দীঘি। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রখ্যাত ভারতীয় সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র এবং বাংলাদেশ থেকে বাংলা সংলাপ লিখেছেন সাধনা আহমেদ, গিয়াস উদ্দিন সেলিম, শিহাব শাহীন ও আনাম বিশ্বাস। ছবিটির শুটিং ভারতের মুম্বাইতে ২০২১ সালের জানুয়ারিতে শুরু হয় এবং শেষ হয় একই বছরের ডিসেম্বর মাসে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া