সৌদিতে পাচারের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা
অক্টোবর ৩১ ২০২৩, ১৯:৫১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: উচ্চ বেতনে চাকরির প্রলোভনে সৌদি আরবে পাচারের অভিযোগে বরিশালের মেহেন্দিগঞ্জের একই পরিবারের ৬ সদস্যর বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন পাচারের শিকার ভুক্তভোগী একই এলাকার আমিরুল।
ট্রাইব্যুনালের বিচারক মঞ্জুরুল হোসেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার বাদী হলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া এলাকার বাসিন্দা আমিরুল ইসলাম।
বিবাদীরা হলেন- একই এলাকার মোশারেফ হোসেন শওকত, শিপন হাওলাদার, দেলোয়ার হোসেন হাওলাদার, সোহেল হাওলাদার, জুয়েল হাওলাদার ও মিনারা বেগম। মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান, বাদী আমিরুল ইসলাম শিক্ষিক বেকার। প্রতিবেশি তিনভাই সোহেল জুয়েল ও দেলোয়ার সৌদি আরবে থাকেন।
তারা উচ্চ বেতনে ভালো চাকরি দেওয়ার প্রলোভনে সৌদি নেওয়ার প্রস্তাব দেয়। পাঁচ লাখ টাকার দেওয়ার পর গত ১৮ ফেব্রুয়ারি আমিরুল সৌদি আরবে যায়। এয়ারপোর্ট থেকে তিন ভাই তাকে গ্রহণ করে পরিচিত একজনের কাছে দেয়। সে আমিরুলকে নিয়ে একটি কক্ষে আটকে রাখে।
পরে পাসপোর্ট ও কাগজপত্র ছিনিয়ে নিয়ে কষ্টের কাজ দেয়। সেখানে কিছুদিন কাজ করার পর প্রতিবেশি তিন ভাইয়ের সন্ধানে বের হয় আমিরুল। পথে পুলিশের হাতে গ্রেফতার হয়। পুলিশ গত ৮ জুন আমিরুলকে দেশে পাঠিয়ে দিয়েছে। দেশে ফেরার পর টাকা ফেরত চাইলে খুন জখমের হুমকি দেয় আসামিরা।









































