তালতলীতে ককটেলসহ বিএনপি’র ৫ নেতাকর্মী গ্রেফতার
অক্টোবর ৩১ ২০২৩, ১৮:৫৭
কাওসার হামিদ, তালতলী, বরগুনা: বরগুনার তালতলীতে অবরোধে নাশকতার পরিকল্পনার অভিযোগে ৫ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তিন জনের কাছ থেকে নাশকতায় ব্যবহৃত ৫ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার(৩১ অক্টোবর) ভোর রাতে উপজেলার ফায়ার সার্ভিসের পশ্চিম দিকে সড়কে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়। এর আগে গতকাল রাতে দুইজনকে গ্রেফতার করা হয়।
উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এস এম হুমায়ূন আহমেদ ও উপজেলা যুবদলের সদস্য শাহরিয়ার নাঈমকে অবরোধে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বিএনপি’র কর্মী মো.রুবেল (৩২), নান্টু হাওলাদার(৫২), মো.মাসুম মৃধা (৬১)কে ৫টি ককটেলসহ গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বাড়ি উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, বিএনপি তিন দিনের অবরোধ ঘোষনা করে। অবরোধকে বাস্তবায়নের জন্য নাশকতা করার পরিকল্পনা করছিলেন বিএনপি এইসব নেতারা। এর সুনির্দিষ্ট তথ্য পেয়ে গতকাল সোমবার উপজেলার সদর বাজার থেকে বিএনপি নেতা এস এম হুমায়ূন আহমেদ ও শাহরিয়ার নাঈম কে গ্রেফতার করা হয়। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফায়ার সার্ভিসের পশ্চিম দিকে সড়কে অভিযান চালিয়ে নাশকতার চেষ্টাকালে ৫ টি অবিস্ফোরিত ককটেলসহ বিএনপি’র কর্মী মো.রুবেল, নান্টু ও মাসুমকে গ্রেপ্তার করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম খান বলেন, দুইজনকে নাশকতা করার পরিকল্পনার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকি তিনজনসহ বিএনপি-জামাতের একাধিক নেতাদের অজ্ঞাত আসামি করে উপ-পরিদর্শক মামুন বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।









































