বরিশালে ৪৮৪ জেলের জেল-জরিমানা
অক্টোবর ২৭ ২০২৩, ১১:১৪
নিজস্ব প্রতিবেদক ॥ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের অভিযোগে বরিশাল বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৪৮৪ জেলেকে জেল ও জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ৮ লাখ ৮৭ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে বরিশাল বিভাগীয় মৎস্য অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৮ জেলেকে কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় তাদের কাছে থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ নিয়ে গেলো দুই সপ্তাহের অভিযানে ৪৮৪ জেলেকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।
মৎস্য অফিস আরও জানায়, ১২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ১ হাজার ৬১৭টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং ৬১৭টি মোবাইল কোর্ট করা হয়েছে।
এসব অভিযানে ১০ হাজার ৮২৭ কেজি ইলিশ জব্দ করা হয়। পাশাপাশি ৫ কোটি ১২ লাখ ৯৬ হাজার টাকা মূল্যের ২৫ লাখ ২ হাজার ৮০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ ছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ২ লাখ ১ হাজার ৯০০ টাকা।
মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, ১১ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজননস্থলে ইলিশ ধরা নিষিদ্ধ। এ ছাড়া সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকছে। এ সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হচ্ছে।









































