বরিশালে বাজারে নেই ইলিশ: বেড়েছে অন্যান্য মাছের দাম
অক্টোবর ২৬ ২০২৩, ১৭:০৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ইলিশের নিষেধাজ্ঞা শুরুর পর থেকে বরিশালে মাছের বাজারগুলোতে বেড়েছে সকল প্রকার মাছের দাম। বৃহস্পতিবার (২৬অক্টোবর) বরিশাল নগরীর পোর্টরোড বাজারে দেখা গেছে, বাজারে ইলিশ না থাকায় ব্যাবসায়ীরা সাগর ও নদীর বিভিন্ন প্রকার মাছ বিক্রি করছেন। ইলিশ না থাকায় অন্যান্য দিনের তুলনায় অনান্য মাছের সরবারহ বেড়েছে। এ সময় বাজারে ঢেলা, রুপশা, পোমা, চিংড়ি, সাগরের চিতল, শুরমা, কোড়াল, রুই, নদীর পাঙ্গাস দেখা গেলেও মূল্যবৃদ্ধি সব মাছের।
বাজারে ক্রেতা মিলন সিকদার বলেন, বাজারে ইলিশ না থাকায় সব ধরনের মাছ কেজিতে ১০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বেড়েছে। মাছ কিনতে এসে টাকা কম থাকায় হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছি। এত দাম বৃদ্ধির কারণে আমাদের মতো গরিপ লোকদের মাছও কপালে নাই ।
মাছ ব্যবসায়ী রিয়াজ হাওলাদার বলেন, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ২২ দিনের জন্য সারাদেশে ইলিশ নিষিদ্ধ করেছে সরকার। তাই বরিশালের বাজারে ইলিশ না থাকায় অন্যান্য মাছের চাহিদা ও দাম বৃদ্ধি পেয়েছে। যার ফলে পাইকারের কাছ থেকে বেশি দামে কিনে আর বিক্রিও করতে হয় একটু বেশি দামে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, ইলিশ মাছ বাজারে না থাকায় বেড়েছে অন্যান্য মাছের দাম। আমার কাছে বেশ কয়েকজন ক্রেতা মূল্যবৃদ্ধির অভিযোগ করেছে। আমাদের একটি টিম আগামীকাল থেকে সরকারি নির্দেশনা ও আইন অনুসারে মাছ বাজার মনিটরিং করবে।









































