বরগুনায় ৪৩ দোকান পুড়ে ছাই
অক্টোবর ২৬ ২০২৩, ১২:০৫
বরগুনা প্রতিনিধি ॥ বরগুনার পাথরঘাটায় অগ্নিকাণ্ডে ৪৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৫টি দোকান। বুধবার (২৫ অক্টোবর) বিকেলে পাথরঘাটা উপজেলার চরদুয়ানি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানের মধ্যে গার্মেন্টস, ফার্মেসি, ফল, মাছ ও মুদি দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে বাজারের অঞ্জন গার্মেন্টস থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিস এবং পরে মঠবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় ৪৩টি দোকান।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তাৎক্ষণিক পাঁচ হাজার টাকা করে সহায়তা দিয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন। অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান বলেন, ‘প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজতে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।









































