পায়রা নদী থেকে জব্দ করা মাছ ধরা নৌকা নিলামে বিক্রি
অক্টোবর ২৫ ২০২৩, ২০:৩৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার আমতলীর পায়রা নদী থেকে জব্দ করা মাছ ধরা দুটি যান্ত্রিক নৌকা বুধবার (২৫ অক্টোবর) সকালে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) গভীর রাতে নৌকা দুটি তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ জেলে বিহীন অবস্থায় জব্দ করা হয়।
আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অবরোধ চলাকালীন মঙ্গলবার গভীর রাতে পায়রা নদীতে মৎস্য কর্মকর্তা হালিমা সর্দারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় বৈঠাকাটা এবং পুরাকাটা নামক স্থান থেকে জেলে বিহীন তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ দুটি যান্ত্রিক নৌকা জব্দ করা হয়।
নৌকা দুটির কোনো মালিক খুঁজে না পাওয়ায় বুধবার (২৫ অক্টোবর) সকালে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে লঞ্চঘাট এলাকায় বসে নিলামে উঠানো হয়। উন্মুক্ত নিলামের মাধ্যমে নৌকা দুটি ৯৬ হাজার ৬শ টাকায় বিক্রি করা হয়। নৌকা দুটি কিনে নেন দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের জুয়েল হাওলাদার ও ফেরিঘাট এলাকার সুজন মৃধা নামে দুই ব্যক্তি।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার বলেন, মঙ্গলবার রাত ১২টার সময় পায়রা নদীতে অভিযান পরিচালনা কালে তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ দুটি যান্ত্রিক নৌকা জব্দ করা হয়। এসময় নৌকায় কোনো জেলে ছিল না। মালিকবিহীন নৌকা দুটি বুধবার সকালে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এবং অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আশরাফুল আলম বলেন, পায়রা নদী থেকে জব্দ করা মালিক বিহীন নৌকা দুটি উন্মুক্ত নিলামের মাধ্যমে ৯৬ হাজার ৬শ টাকায় বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।









































