সরকারি সড়ক নিজ উদ্যোগে মেরামত করছেন রিকশাচালক

অক্টোবর ০৮ ২০২৩, ১৫:৫৭

জিয়াউল হক, বাকেরগঞ্জ বরিশাল।। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় নিজ উদ্যোগে রাস্তা মেরামত করছেন অটোরিকশাচালক মস্তফা।রঙ্গশ্রী ইউনিয়নের রহমগঞ্জ নামক বাজার হয়ে ইউনিয়নের প্রাণ কেন্দ্র থেকে বয়ে গেছে লোচনাবাদ সড়ক। সড়কটির অপর আর এক প্রান্ত সংযোগ হয়েছে শ্যামপুর বাজার হয়ে পার্শ্ববর্তী উপজেলা নলছিটির কুসাঙ্গল গ্রামে।

সড়কটির লোচনাবাদ বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের বেহাল দশায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। ইউনিয়নের প্রধান এই সড়ক দিয়ে প্রতিদিন হাজরো মানুষ উপজেলা, জেলাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। এখন দুর্ভোগের প্রধান কারণ সড়কে খানাখন্দ।

এখন বর্ষা মৌসুমে সড়কে বৃষ্টির পানি জমে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। পানিতে সবসময়ই সড়কটি কাদা পানিতে একাকার হয়ে থাকে। বড় বড় গর্তের ভিতর হাটু পর্যন্ত পানি জমে আছে ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়ক দিয়ে চলাচলকারী পথচারীদের। এখন প্রায়ই এই সড়কে যানবাহন চলতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে মানুষ।

বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও কর্তৃপক্ষের উদাসীনতা দীর্ঘ সময় ধরে। অবশেষে নিজ উদ্যোগে রাস্তা মেরামত করছেন অটোরিকশাচালক মোস্তফা হাওলাদার। উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামের আক্কাস আলী হাওলাদারের পুত্র মোস্তফা হাওলাদার একজন অটোরিকশা চালক।

শনিবার (৭ অক্টোবর ) সকাল থেকে তিনি একাই একটি ভ্যান গাড়ি ও মাটি কাটার কোদাল নিয়ে রাস্তা মেরামত কাজ শুরু করেন। এ সময় লোচনাবাদ বাজার হতে রহমগঞ্জ পর্যন্ত সড়কের মধ্যে বড় বড় গর্তগুলো ইট দিয়ে ভরাট করতে দেখা যায়। তার এই জনমুখী কাজে খুব খুশি হয়েছে এই সড়কে চলাচলকারী যানবাহন চালকসহ এলাকাবাসী।

অটোরিকশাচালক মস্তফা জানান, এই ইউনিয়নের প্রায় ৫ গ্রামের মানুষের একমাত্র রাস্তা এটি। এর একদিকে শ্যামপুর বাজার অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও উপজেলা পরিষদ এবং এবং এই ইউনিয়ন পরিষদ যেতে হলে এই সড়কে একমাত্র মাধ্যম।প্রায় পাঁচ বছর যাবত রাস্তাটিতে বড় বড় গর্তগুলোর জন্য রিকশা, ভ্যান, অটোরিকশাসহ অন্যান্য গাড়ি চলাচলে অসুবিধা হয়। তারপরে আবার কয়েক জায়গায় ভাঙাচোরা ও গর্ত হয়ে চলাচলের অনুপযোগী প্রায়। আমি নিজেও এই সড়কে অটো রিক্সা চালাই। এজন্য বড় বড় গর্তগুলো মেরামতের চেষ্টার মধ্য দিয়ে আপাতত যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করতেছি।

স্থানীয় বাসিন্দা রফিক হোসেন জানান, রঙ্গশ্রী ইউনিয়নের প্রায় দশটির উপরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে যাতায়াত করে। এছাড়াও এই এলাকার শতশত শিক্ষার্থীরা উপজেলা শহরের স্কুল কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করে। এই সড়ক দিয়ে এখন তেমন কোন যানবাহন না চালায় শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে। তাই স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এগিয়ে আসা উচিত।

ব্যক্তিগত উদ্যোগে রাস্তা মেরামতের বিষয়টিকে সাধুবাদ জানিয়ে এলজিইডি বাকেরগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল খায়ের মিয়। তিনি বলেন এলজিইডির রাস্তাগুলো বড় ধরনের ভাঙাচোরা ছাড়া মেরামত করা যায় না। সড়কটি উপজেলা ও ইউনিয়ন রোড উন্নয়ন ও শক্তিশালী প্রকল্পে দেয়া হয়েছে। এখন পর্যন্ত অনুমোদন পত্র আসেনি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া