নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের দাবিতে বরিশালে সাইকেল র‌্যালি

সেপ্টেম্বর ১৬ ২০২৩, ১৮:২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: তরল করা প্রাকৃতিক গ্যাস (এল.এন.জি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র স্থাপন বন্ধ করা এবং নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের দাবিতে বরিশালে সাইকেল র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে নগরীর জিলা স্কুল মোড় থেকে র‌্যালি শুরু হয়ে বান্দ রোড শিশুপার্কের সামনে গিয়ে শেষ হয়। বেসরকারি উন্নয়ন সংগঠন প্রান্তজন, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশগত কর্মজোট, বাংলাদেশ ওয়াকিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার ১৮টি এল.এন.জি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। এছাড়া এল.এন.জি আমদানির জন্য পটুয়াখালীর পায়রা বন্দর ও কক্সবাজারের মহেশখালীতে টার্মিনাল স্থাপন করা হচ্ছে। এল.এন.জি আমদানিতে ব্যয় বোঝা জনগণের কাঁধের ওপর পড়বে। আমাদের অর্থনীতি ভঙ্গুর অর্থনীতিতে পরিণত হবে।

বক্তারা আরও বলেন, এল.এন.জি থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড়ে ৩৫০ গ্রাম কার্বন-ডাই অক্সাইড নিঃসরণ হয়। যা আমাদের অর্থনৈতিক ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। চলমান ডলার সংকটের মধ্যে বিপুল পরিমাণ এল.এন.জি আমদানি আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য ব্যয়বহুল এবং উপকূলীয় অঞ্চলবর্তী দেশের জন্য বিপদজনক। তাই দেশের অর্থনৈতিক ও পরিবেশগত দিক বিবেচনায় এল.এন.জি টার্মিনাল ও এল.এন.জি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বাতিল এবং পরিকল্পনা অনুসারে নবায়নযোগ্য জ্বালানীতে অর্থায়ন করতে হবে।

ক্যাব-এর সমন্বয়কারী রনজিত দত্তের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আহ্বায়ক একে আজাদ, প্রান্তজনের নির্বাহী পরিচালক এসএম শাহাজাদা, ম্যাপ-এর নির্বাহী পরিচালক শুভঙ্কর চক্রবর্তী, এনভিএস-এর নির্বাহী পরিচালক শওকত আলী বাদল, ইব্রাহিম হামিদ মাসুম প্রমুখ। র‌্যালিতে উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া