গলায় সাপ জড়িয়ে জন্মদিন পালন করলেন নেতা!
সেপ্টেম্বর ০৯ ২০২৩, ১৮:৩৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নেতার জন্মদিন ছিল, তা পালন করার জন্য সমর্থকরা মালা নিয়ে হাজির হয়েছিলেন। কিন্তু সেই মালা না পরে তিনি সাপ গলায় জড়িয়ে নেন। ভারতের মধ্যপ্রদেশে ঘটেছে এ ঘটনা। খবর আনন্দবাজারের।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের শেওপুরের কংগ্রেস বিধায়ক বাবু জান্দেল। গতকাল শুক্রবার তার জন্মদিন ছিল। সেই উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাতে দলের কর্মী-সমর্থকরা বাড়িতে হাজির হন। এদের অনেকে ফুলের তোড়া, মালা নিয়ে এসেছিলেন শুভেচ্ছা জানাতে।
তবে বাবু জান্দেল আগেই বাড়িতে এক সাপুড়েকে ডেকে এনেছিলেন। সবাই যখন তাকে মালা পরিয়ে শুভেচ্ছা জানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন, সেইসময় তিনি মালা পরতে অস্বীকৃতি জানান। এনিয়ে প্রথমে সবাই অবাক হন। এরপরই বিষয়টি ক্রমশ স্পষ্ট হয়।
ভিড়ের মধ্যে থেকে সাপুড়েকে ডাকেন জান্দেল। সাপুড়ের হাতে একটি ঢাকনা দেওয়া ঝুড়ি ছিল। এসময় সাপুড়েকে তিনি ঝুড়ি থেকে সাপ বের করতে বলেন। নির্দেশমতো সাপুড়ে একটি সাপ বের করে বিধায়কের গলায় জড়িয়ে দেন। এতে সবাই চমকে গেলেও বিধায়ক ছিলেন নির্বিকার।
এমনভাবে জন্মদিন পালনের কারণ হিসেবে জান্দেল বলেছেন, জাঁকজমক নয়, খুব সাধারণভাবে জন্মদিন পালন করতে চেয়েছি। পশুপ্রাণীদের আমি ভালবাসি।
আমার বাগানে জুঁই ফুলের একটি গাছ আছে। সেখানে মাঝেমধ্যেই সাপ আসে। আবার ভগবান শিবের গলাতেও সাপ জড়ানো থাকে। তার প্রতি শ্রদ্ধা জানিয়েই আমার জন্মদিন এভাবে পালন করলাম।








































