যানজট থেকে বাঁচতে ফুটওভারব্রিজে অটোরিকশা!
সেপ্টেম্বর ০৫ ২০২৩, ১৭:০০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাস্তায় প্রচণ্ড জ্যাম, গন্তব্যে কখন পৌঁছাবেন ঠিক নেই। আর তর সইতে না পেরে তাই ফুটওভারব্রিজে অটোরিকশা উঠিয়ে দিলেন চালক।
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণে এক এলাকায় এই ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে ওই চালককে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার অটোরিকশা চালকের এই কাণ্ড ভিডিও করেন পথচারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, ওভারব্রিজের সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে অটোরিকশা। ভয়ে সরে যাচ্ছেন পথচারীরা।
পুলিশ জানায়, ‘আমরা অটোরিকশা চালককে খুঁজে বের করেছি। ২৫ বছর বয়সী ওই যুবকের নাম মুন্না। তার আত্মীয় অমিতকেও আটক করা হয়েছে।’ মুন্না দাবি করেছে, তার মা অসুস্থ ছিল। দ্রুত বাড়ি পৌঁছানোর জন্য তিনি গাড়ি ফুটওভারব্রিজে উঠিয়ে দেন।
পুলিশের উপকমিশনার চন্দন চৌধুরী বলেন, মুন্নাকে ওভারব্রিজে অটোরিকশা ওঠানোর জন্য আটক করা হয়েছে। আর অমিত ধাক্কা মেরে সেই অটোরিকশা তুলতে সহায়তা করছিলেন।
তিনি বলেন, আমরা ইতোমধ্যে অটোরিকশা জব্দ করেছি। আরেকজন পুলিশ কর্মকর্তা বলেন, এই ঘটানা বুধবার ঘটেছিল। কিন্তু রোববার ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।









































