মুলাদীতে বৃদ্ধ আব্দুর রবের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

আগস্ট ২৬ ২০২৩, ১১:২৬

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের মুলাদীতে বৃদ্ধ সমাজসেবক আব্দুর রব হাওলাদার (৬৫) এর হত্যাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে ৪টায় মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নে চর কমিশনার এলাকায় মিরগঞ্জ ফেরীঘাট এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মুলাদী উপজেলাবাসীর ব্যানারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে শত শত মানুষ অংশগ্রহণ করেন। এসময় তারা চরকমিশনার এলাকার সমাজসেবক আব্দুর রব হাওলাদারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ সমাবেশের পূর্বে উপজেলার নারী-পুরুষের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক হাওলাদার।

এসময় বক্তব্য দেন নিহতের ছেলে আব্বাস হাওলাদার, কচির হাওলাদার, তোতা হাওলাদার, সেলিম হাওলাদার, সালাম হাওলাদার, সিরাজ দফাদার, আবুল সরদার, চান মৃধা, স্থানীয় লেগুনা চালক সমিতির সাধারণ সম্পাদক সহিদ হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, ‘স্থানীয় কামাল ও জামাল সরদার এবং ইউপি সদস্য শামীম খানেরা এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ইতিপূর্বে তারা আরও দুজনকে নির্মমভাবে হত্যা করেছে। এর পরও তারা ধরা ছোয়ার বাইরে থেকে যায়।

বক্তারা বলেন, ‘আব্দুর রব হাওলাদারের মতো একজন বৃদ্ধ লোককে প্রকাশ্যে ইজিবাইক থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে ফিল্মি স্টাইলে কুপিয়ে হত্যা করলো। অথচ ঘটনার তিনদিন অতিবাহিত হলেও কামাল সরদার, জামাল সরদার এমনকি শামীমখানসহ ঘটনার মূল হোতারা গ্রেফতার হয়নি। আমরা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি এদের প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে পিতার হত্যাকারীদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে নিহতের ছেলে আব্বাস হাওলাদার বলেন, ‘আমার বাবাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। আর এই পরিকল্পনা হয়েছে মিরগঞ্জ ফেরীঘাটের কাছে একটি দোকান এবং মেম্বর শামীম খানের ইটেরভাটায়। এই সন্ত্রাসী বাহিনী সংঘবদ্ধভাবে এলাকার মানুষের ওপর জুলুম-নির্যাতন করছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

মানববন্ধন শেষে মিরগঞ্জ ফেরীঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। অভিযুক্তদের ছবি সম্বলিত ব্যানারসহ বের হওয়া মিছিলটি মিরগঞ্জ-মুলাদী সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চর কমিশনার গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ষাটোর্ধ্ব বৃদ্ধ আব্দুর রব হাওলাদারকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। নিহত আব্দুর রব ওই গ্রামের ধলু হাওলাদারের ছেলে।

হত্যাকাণ্ডের ঘটনায় গত বুধবার রাতে মুলাদী থানায় ১৬ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে আব্বাস হাওলাদার। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকী আসামিরা এখনো ধরা ছোয়ার বাইরে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া