বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা

আগস্ট ০৯ ২০২৩, ২০:১৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে গত শনিবার রাতে ছাত্রাবাসে হামলার ঘটনায় আহত ছাত্রলীগ কর্মীরা হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে ক্যাম্পাসে গিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

তারা হামলার ঘটনার বিচার নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতার বিষয়ে প্রশ্ন তোলেন। এ ছাড়া হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনা না হলে অনশনে বসার হুমকি দেন আহত ছাত্রলীগ কর্মী আয়াত উল্লাহ। প্রায় একই সময় হামলার জন্য অভিযুক্ত ছাত্রলীগের অপর পক্ষ ক্যাম্পাসে পাল্টা বিক্ষোভ করে।

ফলে দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে বুধবার ক্যাম্পাসে দিনভর ছিল উত্তেজনা। যদিও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল ক্যাম্পাসে। সংবাদ সম্মেলনকারীরা বরিশাল সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

তাদের প্রতিপক্ষ গ্রুপ সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী। গত শনিবার রাতে সাদিক অনুসারীরা হামলা চালিয়ে প্রতিমন্ত্রী শামীমের অনুসারীদের মারধর এবং হল থেকে বের করে দেয়।

জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন মার্কেটিং বিভাগে দুই শিক্ষার্থী আয়াত উল্লাহ ও সালাহ উদ্দিন গতকাল দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে যান। তার আগেই তাদের পক্ষে ছাত্রলীগ সমর্থক অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান নেন। পরে একাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে সংবাদ সম্মেলন করেন আয়াত উল্লাহ ও সালাহ উদ্দিন।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, ঘটনার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ বাহিনী উপস্থিত থাকলেও তাদের ভূমিকা ছিল রহস্যজনক। হামলাকারীরা হল দখল করে এ পর্যন্ত ২০ শিক্ষার্থীকে নির্যাতন করেছে।

এ ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নীরব। আহতদের পক্ষ থেকে বন্দর থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ সেটি এজাহার হিসেবে গ্রহণ করেনি। সংবাদ সম্মেলনের পর আহত শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিনের কাছে গিয়ে হামলাকারীদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নিতে আবেদন জমা দেন।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়রত কয়েকজন ক্যাম্পাস সংবাদকর্মী জানান, সংবাদ সম্মেলনে না যেতে হামলাকারী হিসেবে অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা তাদের নানাভাবে ভয়ভীতি দেখিয়েছে। কয়েকজন সংবাদকর্মী যাওয়ার চেষ্টা করলে তাদের আবাসিক হলের পথে আটকে দেওয়া হয়।

এদিকে প্রতিমন্ত্রীর অনুসারীরা সংবাদ সম্মেলন করার আগে বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসে মানববন্ধন করেন মেয়র সাদিক অনুসারী ছাত্রলীগ কর্মীরা। তাদের দাবি, অপর পক্ষের নেতা মুয়ীদুর রহমান বাকি ও রক্তিম হাসানের নেতৃত্বে সাধারণ ছাত্রদের ওপর শনিবার রাতে হামলা হয়েছে। তারা মুয়ীদ ও রক্তিমকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান।

শনিবার রাতে হামলার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে অভিযোগ প্রসঙ্গে প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, অভিযোগ যে কেউ করতে পারে।তদন্ত কমিটি তাদের কার্যক্রম চালাচ্ছে। তাদের প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে।

মামলা প্রসঙ্গে বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ে মারামারির ঘটনায় এক পক্ষের অভিযোগ পেয়েছি। অভিযোগটি যাচাই-বাছাই করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া