বরিশালে তারুণ্যের সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
জুন ২৪ ২০২৩, ১২:০০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোটাধিকার প্রয়োগসহ বিভিন্ন দাবিতে বরিশালে তারুণ্যের সমাবেশে আজ।
দুপুরের পর কীর্তনখোলা নদীর পাড়ে বঙ্গবন্ধু উদ্যানে (বেলসপার্ক) যৌথভাবে সমাবেশ করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
আজকের সমাবেশে নতুন ভোটার ও তরুণদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পূর্ব নির্ধারিত এই সমাবেশ উপলক্ষে সকাল থেকেই বেলসপার্কে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন অলিগলিতে অবস্থান করছেন তারা।
দিকে সকাল ১০টায় বেলস পার্কে গিয়ে দেখা যায়, মাঠের মধ্যবর্তী স্থানে মঞ্চ তৈরির কাজ চলছে। প্রস্তুত করা হয়েছে মাইক। ব্যানার পোস্টার ও পেস্টুনে ছেয়ে গেছে মাঠের চারপাশ। নেতাকর্মী মাঠের চারপাশে অবস্থান করছেন।
আয়োজকরা বলছেন, বেলস পার্কের তারুণ্যের সমাবেশে ২ লক্ষাধিক তরুণ ভোটার জমায়েতের টার্গেট রয়েছে তাদের।
ইতোমধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এদিকে তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে থমথমে বরিশাল শহর।
একইদিনে বেলস পার্ক থেকে আধাকিলোমিটার দূরে নগর ভবন ও শহীদ মিনারের সামনে পাল্টা কর্মসূচি দিয়েছে যুবলীগ। পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে নগরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।’









































