বরিশাল সিটি নির্বাচন: মেয়র পদে চার প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস
জুন ১১ ২০২৩, ০৯:২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে চার প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে।
বিএনপি এ নির্বাচন বর্জন করলেও বরিশাল মহানগরজুড়ে এখন আলোচনায় বিএনপির ভোট। মেয়র পদে জয়ের ক্ষেত্রে বিএনপির কর্মী-সমর্থকদের ভোট বড় নিয়ামক হবে বলে মনে করছেন প্রার্থীদের কর্মী ও সমর্থকরা।
আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা জানিয়েছেন, বরিশালে এবার আওয়ামী লীগবিরোধীদের ভোট কয়েক ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে।
এটি নৌকার জয়ের জন্য সহায়ক হবে। কারণ নৌকাবিরোধীদের ভোট একক কোনো প্রার্থীর পক্ষে গেলে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতো।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে পুরো নগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে। গতকাল শনিবার ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন।
নির্বাচনএদিন আলোচিত চার মেয়র প্রার্থী শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করেছেন। এই প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ ফয়জুল করিম, জাতীয় পার্টির ইকবাল হোসেন এবং সাবেক ছাত্রদল নেতা স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান। এবারের নির্বাচনে এই চার প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন নগরের ভোটাররা।
বরিশাল সিটি করপোরেশন এলাকায় মোট ভোটার দুই লাখ ৭৬ হাজার ২৯৮। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৩৮ হাজার ৮০৯ এবং পুরুষ ভোটার এক লাখ ৩৭ হাজার ৪৮৯।
নির্বাচনে সাতজন মেয়র, ১১৮ জন সাধারণ ওয়ার্ডের ও ৪২ জন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। ৩০টি ওয়ার্ডে ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে ভোটগ্রহণ হবে।
এর মধ্যে ১০৬টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম। তিনি বলেন, পুলিশের হিসাবে ৭০টি কেন্দ্র গুরুত্বপূর্ণ।
কিন্তু প্রার্থীরা যেসব কেন্দ্র নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, সেগুলো যুক্ত করে মোট ১০৬টিকে গুরুত্বপূর্ণ ধরা হয়েছে।
চার ভাগ হতে পারে বিএনপির ভোট : এবারের সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। অতীতে বরিশাল সিটিতে দলটির প্রার্থীরা একাধিকবার মেয়র নির্বাচিত হয়েছেন।
ফলে এখানে বিএনপির বড় সমর্থন আছে বলে মনে করা হয়। এবার দলটির প্রার্থী না থাকায় তাদের ভোট চার ভাগ হবে বলে মনে করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচন পরিচালনায় সম্পৃক্ত ব্যক্তিরা।
বিএনপি থেকে নির্বাচিত প্রয়াত মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁর বাবার ঘনিষ্ঠ অনুসারী বিএনপির নেতাকর্মীদের ভোট কামরুল আহসান পাবেন বলে মনে করা হচ্ছে।
জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইকবাল হোসেন তাপস। তাঁর ভাই বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক।
বিএনপি নির্বাচনে না থাকায় ইকবাল হোসেন তাঁর ভাইয়ের সুবাদে বিএনপির কর্মী-সমর্থকদের একটি অংশের ভোট পাবেন।
স্থানীয় একাধিক রাজনৈতিক দলের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, বরিশালে গত পাঁচ বছরে বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহর কাছে বিএনপির অনেক নেতাকর্মী নির্যাতিত হয়েছেন। বিএনপির এই অংশ বরিশালে সাদিক আব্দুল্লাহর দাপটের অবসান চাইছে।
ফলে তারা অনেকেই খোকন সেরনিয়াবাতকে ভোট দিতে পারে। একাধিক সূত্র জানায়, বরিশালে বিএনপির একটি অংশ কট্টরপন্থী। এই অংশের অনেকেই ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিমকে ভোট দিতে পারেন।
কর্মীদের ভোট ঠেকাতে বিএনপির মনিটরিং সেল : সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা ঠেকাতে না পেরে ১৯ জনকে বিএনপি থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
এবার দলীয় ভোটারদের কেন্দ্রে যাওয়া ঠেকাতে মাঠে নেমেছেন বিএনপির স্থানীয় নেতারা। দলটি চাইছে শুধু প্রার্থী নয়, সমর্থকদেরও ভোট দিতে নিরুৎসাহ করতে। এর পরও কেন্দ্রে যেতে পারেন কর্মী-সমর্থকরা। এ জন্যই মনিটরিং সেল গঠনের উদ্যোগ।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘যারা দলের নির্দেশনা অমান্য করে এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়েছেন, তাঁদের আজীবন বহিষ্কার করা হয়েছে। তেমনি ভোটার ও কর্মীদের প্রতি আমাদের আহবান, তাঁরা যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে সরকারকে সহায়তা না করেন।’
তিনি বলেন, ‘গত শুক্রবার রাতে একযোগে ৩০টি ওয়ার্ডে সভা করে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, নির্বাচনে বিএনপির কোনো কর্মী-সমর্থক যেন ভোটকেন্দ্রে না যান।
যদি কেউ যান তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। নির্দেশনা অমান্য করায় এরই মধ্যে তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।
নজরদারি করতে প্রতিটি ওয়ার্ডে মনিটরিং টিম গঠন করা হয়েছে। এই টিমের কাজ হবে বিএনপি সমর্থকরা ভোট দিতে গেলে তা অবহিত করা। পরে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, “১১ জুন রাত ১২টা পর্যন্ত আমাদের একটাই প্রচার, ভোটদানে বিরত থাকুন, এই সরকারকে ‘না’ বলুন। কর্মী-সমর্থকদের নির্দেশ দেওয়া আছে তাঁরা যেন ভোটকেন্দ্রে না যান।”
নগরজুড়ে ভোটের উৎসবের আমেজ : নির্বাচন সামনে রেখে নগরজুড়েই উৎসবের আমেজ বিরাজ করছে। নগরের প্রতিটি গলি মেয়র, কাউন্সিলর প্রার্থীদের বিপুলসংখ্যক পোস্টারে ছেয়ে গেছে। মোড়ে মোড়ে চলছে নির্বাচনী আড্ডা, আলোচনা। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করায় ভোটাররা ভোটকেন্দ্রে যাওয়ার আগ্রহ দেখাচ্ছেন।
নগরীর ৯ নম্বর ওয়ার্ডের ভোটার তৈয়ব রাঢ়ী বলেন, এবারের ভোটের পরিবেশ আগের সবগুলোর চেয়ে আলাদা। অনেক ক্ষেত্রেই ২০০৮ সালের সিটির ভোটের পরিবেশের চেয়ে এবারের পরিবেশ ভালো। কালো টাকার প্রভাব নেই। কর্মীদের মধ্যে নেই আতঙ্ক।
সবাই সমান সুযোগ নিয়ে ভোটের প্রচার চালিয়েছেন। ভোটের দিন এমন পরিবেশ থাকলে পরিবারের সব ভোটারকে নিয়ে ভোটকেন্দ্রে যাব।
একই ওয়ার্ডের প্যারারা রোডের বাসিন্দা ময়না বেগম। তিনি কাজ করেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থায়। বললেন, কাজের প্রয়োজনে ঘুরতে হয়েছে নগরের বিভিন্ন এলাকায়। সবখানেই ভোটের আমেজ। উৎসবের আমেজ। এমন পরিবেশ শেষ পর্যন্ত বহাল থাকলে ভোট দিতে যাব।
প্রায় একই তথ্য জানিয়ে ভোট দিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন শহরের ১৫ নম্বর ওয়ার্ডে বটতলার বাসিন্দা রাসেল হাওলাদার।
১১৪৬ ক্যামেরা বসেছে : বরিশাল নগরের সব ভোটকেন্দ্র ও কক্ষে (বুথ) সিসি ক্যামেরা বসানোর কাজ গতকালই শেষ হয়েছে। আজ রবিবার ক্যামেরাগুলো পরীক্ষামূলকভাবে চালু করা হবে।
ক্যামেরা স্থাপন কমিটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন নেছারাবাদ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিন শরীফ। তিনি জানান, ১২৬টি কেন্দ্রের সবগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এক হাজার ১৪৬টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রতিটি ভোটকক্ষে একটি করে এবং প্রতিটি কেন্দ্রের প্রবেশপথে দুটি করে ক্যামেরা স্থাপন করা হয়েছে।
ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ভোট পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ হবে আগেরবারের মতো ইভিএমে। গত ২৯ মে দেড় হাজার ইভিএম নগরীতে এসে পৌঁছেছে।
পুলিশ কমিশনার যা বললেন : গতকাল সেকাল সাড়ে ১১টায় নগরীর বিএমপি হেডকোয়ার্টারে নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম।
তিনি জানান, নির্বাচনের দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, এবিপিএন ও আনসার মিলিয়ে মোট চার হাজার ৪০০ সদস্য মোতায়েন থাকবেন।
পুলিশ কমিশনার বলেন, ‘আমরা কোনো প্রার্থী চিনি না, প্রতীক চিনি না, দল চিনি না। আমরা চিনি মানুষ ও ভোটার। ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা হবে।’
বহিরাগত নিয়ন্ত্রণে চেকপোস্ট বসবে : ভোটের দিন বরিশাল মহানগরে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে চেকপোস্ট বসানো হবে বলেও জানান বিএমপি কমিশনার সাইফুল ইসলাম।
তিনি বলেন, ‘আজ (শনিবার) রাত ১২টায় প্রচার শেষ হচ্ছে। এরপর নগরীতে কোনো বহিরাগত থাকবে না। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করা হবে। আমাদের মেসেজ খুব ক্লিয়ার।
বরিশালে বহিরাগত থাকার সুযোগ নেই। আগামীকাল (রবিবার) থেকে নগরে আমরা কোনো বহিরাগত দেখতে চাই না। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আমরা চেকপোস্ট বসাব। তবে যৌক্তিক কারণ দেখাতে পারলে বহিরাগত ব্যক্তিদের বিষয়ে ছাড় দেওয়ার সুযোগ থাকবে।’
নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল শুরু : নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র্যাব ও বিজিবি সমন্বিত টহল শুরু করেছে।
গতকাল সকাল থেকেই নগরীর ওয়ার্ডগুলোতে টহল দিতে দেখা যায়। সড়কের মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করতেও দেখা গেছে।
বিএমপি কমিশনার জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে। র্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, র্যাবের ১৬টি টহলদল সিটি করপোরেশন এলাকায় দায়িত্ব পালন করছে।









































