নির্বাচিত হলে সর্বস্তরের মানুষের জন্য কাজ করব: খোকন সেরনিয়াবাত

মে ২৮ ২০২৩, ১৪:০১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: প্রতীক বরাদ্দের পর থেকেই আনুষ্ঠানিকভাবে গণসংযোগসহ নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন মেয়রপ্রার্থীরা। পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও নিজ নিজ এলাকায় গণসংযোগ, মাইকিং ও পোস্টারিংয়ে ব্যস্ত সময় পার করছেন।

শনিবার বিকালে ২২ ও ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হলে সর্বস্তরের মানুষের জন্য কাজ করব। যে সমস্যায় বরিশাল জর্জরিত আমি তা নিরসন করব।

যেভাবে বিদুৎ ও পানি ২৪ ঘণ্টা থাকে সেভাবে সেবাও ২৪ ঘণ্টাই থাকবে। বর্তমানে ট্যাক্সের যে বিড়ম্বনা তা সমাধানে কাজ করব। বাড়ির প্ল্যান নিয়ে যে বিড়ম্বনা হয় তারও সমস্যা দূর করা হবে। রাস্তা ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুুুুুুল করিম, অ্যাডভোকেট আনিচ উদ্দিন শহিদ, বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষারসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে সকাল সাড়ে ১১টার দিকে নগরীর ২১ নং ওয়ার্ডের অক্সফোর্ড মিশন রোডে গণসংযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হেসেন তাপস। বরিশালকে উৎপাদনমুখী আইটি নগরী গড়তে লাঙ্গলে ভোট চান তিনি।

গণসংযোগের সময় ইকবাল হোসেন তাপস বলেন, সিটি ভোটের দিকে সারা বিশ^ তাকিয়ে আছে। এই ভোটে অনিয়ম হলে বরিশাল থেকেই সরকার পতন আন্দোলনের সূচনা হবে। তিনি সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

তাপস বলেন, যে প্রার্থী তার আপন বড় ভাই এবং ভাতিজার ওপর আস্থা রাখতে পারে না। তার ওপর বরিশালের জনগণ আস্থা রাখবে কীভাবে। ১২ জুন সরকারের বিরুদ্ধে নীরব ভোট বিপ্লব হবে বলে আশা তার।

নগরীর বাংলাবাজার এলাকায় বেলা ১১টার দিকে গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। এ সময় বরিশালের অবকাঠামো উন্নয়ন এবং মানুষের নৈতিক উন্নয়নে ১২ জুন হাতপাখায় ভোট চান তিনি। মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল বলেন, আমি কোনো দলমত চিনি না। আমি সব ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছি। তাদের সমর্থন এবং দোয়া চাইছি।

নির্বাচিত হলে আধুনিক বরিশাল নগরী বিনির্মাণ করবেন তিনি, যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, সন্ত্রাস, চুরি, ডাকাতি, মাদক এবং ইভটিজিং থাকবে না। বিএনপির প্রয়াত সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে স্বতন্ত্র মেয়রপ্রার্থী কামরুল আহসান রূপন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের গড়িয়ারপাড়, কলাডেমা এবং কাশীপুর চৌমাথা এলাকায় গণসংযোগ করেন।

তিনিও বরিশালের পরিকল্পিত উন্নয়নে কাজ করবেন এবং টেবিলঘড়ি প্রতীকে ভোট প্রার্থনা করেন। অন্য তিন মেয়রপ্রার্থীর নির্বাচনি তৎপরতা দৃশ্যমান নয়। ১২ জুন ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশন নির্বাচ‌নে এবারে মেয়র প‌দে ৭ জন, সাধা‌রণ কাউ‌ন্সিলর পদে ১১৬ জন এবং সংর‌ক্ষিত কাউ‌ন্সিলর প‌দে ৪২ জন প্রার্থী প্রতিদ্ব‌ন্দ্বিতা কর‌বেন।

প্রসঙ্গত, এবারের সিটি নির্বাচনে ৩০ ওয়ার্ডে ১২৬টি ভোটকেন্দ্রে ২ লাখ ৭৬ হাজার ২৯৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন ও পুরুষ ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া