জনগণের উপর জুলুম করা হয়েছে অতিরিক্ত ট্যাক্স বসিয়ে দিয়ে -নৌকা মেয়র প্রাথী
মে ২৭ ২০২৩, ১৩:৩২
নিজস্ব প্রতিবেদক ॥ গত ১০ বছরে বরিশাল নগরীকে অনেক পিছিয়ে নেয়া হয়েছে। একটু বৃষ্টি হলে কোথাও কোথাও বুক সমান পানি জমে যায়। এখনও অনেক স্থানে সরকারী ব্যবস্থাপনায় বিদ্যুৎ পৌছেনি। বরিশালবাসীকে যে অবহেলা করা হয়েছে তা দুঃখজনক।
সবচেয়ে জনগণের প্রতি বেশি জুলুম করা হয়েছে অতিরিক্ত মাত্রার ট্যাক্স বসিয়ে দিয়ে। আমি নির্বাচিত হতে পারলে হোল্ডিং ট্যাক্স মানুষের সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে।
শুক্রবার রাতে নগরীর ১৪ নং ওয়ার্ডে অনুষ্ঠিত নৌকা মার্কার উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন নেরনিয়াবাত) এসব কথা বলেন।
ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মেজবাহুল ইসলাম দিপু এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি আরো বলেন, নির্বাচিত হতে পারলে আমি দৃঢ়তার সাথে বলতে চাই এখানকার মানুষ অর্থাৎ ধনী-গরীব সবাই মুল্যায়িত হবে।
যা এতোদিন হয়নি। মহৎ কাজ সবাই করতে পারেনা। ১২ জুনের পর সিটি কর্পোরেশন সবার জন্য উন্মুক্ত হবে। আমি যেখানেই কাজ করেছি সুনামের সাথে করেছি। আমার ব্যবসাস্থল মংলা বন্দর তার বড় প্রমান। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা সারাদেশে উন্নয়নের যে কর্মযজ্ঞ শুরু করেছেন তা থেকে বরিশাবাসী বঞ্চিত রয়েছে। শুধু তাই নয় এখানে মাদকের রয়েছে ভয়াবহ অবস্থা। নির্বাচিত হতে পারলে নগরী হবে মাদকমুক্ত। সৃষ্টি করা হবে নতুন কর্ম সংস্থান।
পরিবেশ তৈরী করা হবে শিল্প কারখানা স্থাপনের। আমাদের পূর্বপুরুষ যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তাদের আদর্শ অনুসরন করেই চলবে বরিশাল সিটি কর্পোরেশন।
সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য এ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম, বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি জেবুন্নেসা আফরোজ, নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ্যাড.কেবিএস আহম্মেদ কবির, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসহাক আলী পান্না, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন প্রমূখ।









































