পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগাতে হবে : ববি উপাচার্য
মে ১৮ ২০২৩, ১৯:০৪
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. প্রফেসর ছাদেকুল আরেফিন বলেছেন, গাছ লাগালে পরিবেশ বাঁচাবে, আমরা বাঁচবো। বর্ষাকাল চলছে, এখনই গাছ লাগানোর উপযুক্ত সময়। কিন্তু আমরা পর্যাপ্ত গাছ রোপণ না করে উল্টো অবিরত গাছ কাটছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবার গাছ লাগানো উচিত। তা না করলে প্রকৃতির বিরুপ প্রভাবে আমাদের জীবন-জীবিকা নিয়ে বহুবিধ সমস্যায় পড়তে হবে। বরিশাল ক্লাবের ক্যাফেটেরিয়ায় প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা পরিষদের প্রথম পরিচিতি সভায় বুধবার রাতে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গাছ কিন্তু আমাদের জীবনের অপরিহার্য একটি অংশ। এক মহান সৃষ্টি। এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে হলে প্রকৃতি বিরুদ্ধ কাজ প্রতিরোধে আমাদের প্রয়োজনীয় ভূমিকা রাখতে হবে। বর্ষাকালে সরকারি-বেসরকারি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আমরাও প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশে এই গাছ লাগাতে হবে। শুধু আমরা লাগালেই হবে না, সবাইকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে হবে।
সভায় বক্তৃতা দেন, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, কবি ও লেখক সালেহ এম শেলি, বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, উন্নয়ন ব্যক্তিত্ব কাজী জাহাঙ্গির কবীর, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, সমাজসেবা অধিদপ্তরের জেলার প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ ও মহিলা পরিষদের সম্পাদক পুষ্প রানী চক্রবর্তী।
এই সভার সঞ্চলনা করেন চ্যানেল আই’র প্রতিনিধি প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী সাঈদ পান্থ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করা হবে। পর্যায়ক্রমে বিএম কলেজ, বরিশাল কলেজ, জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন খোলা জায়গায় বৃক্ষরোপণ করা হবে।









































