ইমরানের গ্রেফতার অবৈধ, মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

মে ১১ ২০২৩, ২০:০২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের গ্রেফতার অবৈধ ঘোষণা করে তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। খবর জিও নিউজের।

বৃহস্পতিবার (১১ মে) পাকিস্তানের সুপ্রিম কোর্টে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেনের গ্রেফতারের বৈধতা নিয়ে আবেদনের শুনানি হয়। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ শুনানি নেন।

শুনানির এক পর্যায়ে এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাজির করার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। সে অনুযায়ী ইমরানকে হাজির করা হয়।

দিনের শুরুতে পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার দেশটির বিচার ব্যবস্থার জন্য বড় অসম্মান বলে অভিহিত করেন।

পিটিআই চেয়ারম্যানের গ্রেফতারকে চ্যালেঞ্জ করে দলের আবেদনের শুনানিতে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি। তিনি ছাড়াও তিন সদস্যের ওই বেঞ্চে ছিলেন বিচারপতি আতহার মিনাল্লাহ ও বিচারপতি মোহাম্মদ আলী মাজহার।

শুনানির শুরুতে ইমরানের আইনজীবী হামিদ খান সর্বোচ্চ আদালতকে জানান, সাবেক প্রধানমন্ত্রী তার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর জন্য ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন।

তার ভেরিফিকেশন চলাকালে হঠাৎ রেঞ্জার্স সদস্যরা রুমে ঢুকে পড়েন। রেঞ্জার্স ইমরান খানের সঙ্গে দুর্ব্যবহার করে এবং তাকে গ্রেফতার করে।

এসময় পর্যায়ে যে মামলায় ইমরান খান জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করছিলেন, সে বিষয়ে খোঁজখবর নেন বান্দিয়াল। বায়োমেট্রিক ভেরিফিকেশনের আগে আবেদন করা যাবে কি না তা জানতে চান বিচারপতি। আইনজীবী বলেন, ইমরান খান বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য গিয়েছিলেন, কারণ এর আগে আবেদন করা যায় না।

পরে শুনানি নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরানের গ্রেফতারকে বেআইনি ঘোষণা করেন সুপ্রিম কোর্ট। পাশাপাশি অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্ট থেকে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেফতার করে দেশটির আধা-সামরিক বাহিনী পাক রেঞ্জার্স।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও