বিরল বার্ড ফ্লুতে প্রথম মানুষের মৃত্যু

এপ্রিল ১২ ২০২৩, ২০:১১

নিজস্ব প্রতিকবেদক, বরিশাল: বিরল বার্ড ফ্লুতে (H3N8) আক্রান্ত হয়ে বিশ্বে প্রথমবারের মতো কোনো মানুষের মৃত্যু হয়েছে। মারা যাওয়া চীনা নারীর বয়স হয়েছিল ৫৬ বছর।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, বার্ড ফ্লুর এ ধরনে আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। তবে ভাইরাসের ধরনটি ছোঁয়াচে নয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের বাসিন্দা ছিলেন মারা যাওয়া ওই নারী।

তিনি বিশ্বের তৃতীয় মানুষ হিসেবে H3N8-তে আক্রান্ত হন। এর আগে একই ভাইরাসে আক্রান্ত হওয়া বাকি দুজনও চীনা নাগরিক। তাদের শরীরে গত বছর এই ভাইরাসের সংক্রমণ দেখা দেয়।

গত মাসের শেষের দিকে এই ভাইরাসে তৃতীয় সংক্রমণের কথা জানিয়েছিল গুয়াংডং প্রদেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। তবে ওই নারীর মৃত্যুর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আগে থেকেই নানা জটিল রোগে ভুগছিলেন বার্ড ফ্লুতে মারা যাওয়া ওই নারী। এ ছাড়া তিনি জীবিত হাঁস-মুরগির সংস্পর্শে এসেছিলেন।

ভাইরাসটি ছোঁয়াচে নয় উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে যে, ভাইরাসটি মানুষ থেকে মানুষে সহজে ছড়িয়ে পড়ার ক্ষমতা নেই। তাই জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে মানুষের মধ্যে এটি ছড়িয়ে পড়ার ঝুঁকি কম বলে মনে করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও