বেশি দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা
জানুয়ারি ২০ ২০২৩, ১৭:০৮
নিজস্ব প্রতিবেদক ॥ মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরে ভুগছে বায়ুদূষণে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ৮টায় রাজধানী ঢাকা আবারও বিশ্বের সবচেয়ে বেশি দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩১৭ নিয়ে ঢাকার বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় ছিল।
ভারতের কলকাতা ও মুম্বাই যথাক্রমে ১৯৬ ও ১৮৯ একিউআই নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
বাতাসের একিউআই স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। আর একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
এই পরিস্থিতিতে শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।
অন্যদিকে ৩০১ থেকে ৪০০-এর এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।
বর্তমানে শীত আসার সঙ্গে সঙ্গে নির্মাণকাজ, রাস্তার ধুলা ও অন্যান্য উৎস থেকে দূষিত কণার ব্যাপক নিঃসরণের কারণে ঢাকা শহরের বাতাসের গুণমান দ্রুত খারাপ হতে শুরু করে।
বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর মতে, বায়ু দূষণের কারণে বাংলাদেশে প্রতি বছর ৮০ হাজার মানুষ মারা যাচ্ছেন। বায়ু দূষণের কারণে নবজাতক থেকে পাঁচ বছরের কম বয়সী শিশু এবং ষাটোর্ধ্বরা রয়েছেন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে।









































