সরকার ব্যর্থ হলে জনগণ ভোটের মাধ্যমেই জবাব দেবে: চিফ হুইপ

অক্টোবর ২১ ২০২৬, ২৩:৩২

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বিএনপি সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করেই পরবর্তী নির্বাচনে জনগণ ভোট দেবে। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ ভোটের মাধ্যমেই তার জবাব দেবে। তাই ঘন ঘন আন্দোলন করে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে অপেক্ষা করা উচিত।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে আয়োজিত জিয়া মঞ্চ বরিশাল বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। সম্মেলন উদ্বোধন করেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি নূরুল ইসলাম মনি আরও বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। সরকারকে দেশের দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন জনগণই করবে এবং পরবর্তী নির্বাচনে তাদের রায় দেবে।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় ছিল উল্লেখ করে চিফ হুইপ বলেন, ৩০ লাখ কোটি টাকা পাচার হয়ে যাওয়া একটি দেশের অর্থনীতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছে। এ পরিস্থিতিতে দেশ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বিরোধী পক্ষের লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি এ উদ্যোগকে বাধাগ্রস্ত করছে। লংমার্চের মাধ্যমে দেশের পরিস্থিতির প্রকৃত পরিবর্তন সম্ভব নয় বলেও উল্লেখ করেন চিফ হুইপ।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু তালেবের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জামাল হোসেন। শুরুতে কোরআন তিলাওয়াত করা হয়। পরে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।

সম্মেলনে বরিশাল মহানগর ও বিভাগের বিভিন্ন জেলার বিএনপি এবং জিয়া মঞ্চের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া