মির্জাগঞ্জে গরুতে ঘাস খাওয়াকে কেন্দ্র করে চাচা ও ভাতিজাকে কুপিয়ে জখম
জুন ০৬ ২০২৬, ২২:০৭
নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কাকড়া বুনিয়া গ্রামে জমিতে গরু প্রবেশ করাকে কেন্দ্র করে চাচা ও ভাতিজাকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।
আহতকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ৫ জুন দুপুর আড়াইটায় কাকড়াবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ভুক্তভোগী শহিদুল ইসলামের গরু স্থানীয় আব্দুস সত্তারের জমিতে যায়।
এ সময় ক্ষিপ্ত হয়ে আব্দুস সত্তার ও তার ছেলে শাহ আলম বাবু সহ অজ্ঞাত আরো ৪-৫ জন শহিদুলের ছেলে জহিরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনে তার চাচা মিজানুর রহমান তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে এগিয়ে আসলে তাকেও লাঠি সোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মীর যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, জমির ভিতরে গরু ঢুকে ঘাস খাওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ঘটনা ঘটে।
পরে একপর্যায়ে চাচা ভাতিজাকে মারধর ও কুপিয়ে জখন প্রতিপক্ষরা। তবে সুষ্ঠু তদন্তপূর্বক আসামিদের বিচাররে আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।









































