পলাশপুরে বাবু হত্যা মামলায় প্রধান আসামির স্বীকারোক্তি, দুই আসামির রিমান্ড
মে ১৯ ২০২৬, ২৩:৫১
বরিশালের পলাশপুর এলাকায় মাছ ব্যবসায়ী জসিম শিকদার ওরফে বাবু হত্যা মামলার প্রধান আসামি মধু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকা-ে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মঙ্গলবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে আদালত তার জবানবন্দি গ্রহণ করেন এবং পরে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, বাবু হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি সিয়াম ও শহীদকে রিমান্ডে নেওয়ার জন্য তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে একই দিন সকাল ১১টায় বরিশাল জজ কোর্ট প্রাঙ্গণে জসিম শিকদার ওরফে বাবু হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নিহতের স্ত্রী ঐশী বেগম, বাবা কালাম সিকদার, মা রহিমা বেগম, বোন এশা বেগমসহ স্থানীয় ১০০ থেকে ১৫০ জন এলাকাবাসী এতে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা “হত্যাকারীদের ফাঁসি চাই”, “আমার ভাইকে মারল কেন, জবাব চাই”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”সহ বিভিন্ন স্লোগান দেন। তারা আসামি মধু, ফকির রাজু, সাজ্জাদ, রেদওয়ান ও আলতাফ রুবেলসহ জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রায় ৪০ থেকে ৫০ মিনিট আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে আন্দোলনকারীদের আদালত চত্বর থেকে সরিয়ে সড়কে অবস্থান নিতে বলা হলে তারা আদালতের সামনের সড়কে পুনরায় মানববন্ধন ও মিছিল করেন। এসময় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়।
পরে দুপুর ১টার দিকে বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাউনিয়া থানা পুলিশ।
উল্লেখ্য, নগরীর পলাশপুর গুচ্ছগ্রাম এলাকায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ডেকে নিয়ে কুপিয়ে ও জবাই করে জসিম সিকদার বাবু (২৮) হত্যা করা হয়।








































