কলাপাড়ায় মসজিদের ইমামের স্ত্রীকে জবাই করে হত্যা
নভেম্বর ১৭ ২০২৫, ১৫:৩০
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মোসা. মুকুল বেগম (৫০) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান পার্শ্ববর্তী মৌলভীতবক সুলতান মাস্টার বাড়ি জামে মসজিদের ইমাম। তিনি দুপুরের খাবার শেষে মসজিদে নামাজ পড়াতে যান। সে সময় তার স্ত্রী ঘরেই অবস্থান করছিলেন। সন্ধ্যার পরে প্রতিবেশী এক নারী তাদের ঘরে এসে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যারহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।








































