বরিশালে আত্মহত্যার জন্য কবর খুঁড়ে আতঙ্ক সৃষ্টি

নভেম্বর ১৯ ২০২২, ১৮:০৩

নিজস্ব প্রতিবেদক ॥ ভাইয়ের সাথে পাকা ভবনের মালিকানা দ্বদ্ধের জেরধরে আত্মহত্যা করার হুমকি দিয়ে নিজের জন্য কবর খুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছেন সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা ডব্লিউ তালুকদার। তার দাবি অনুযায়ী সমস্যার সমাধান না হলে স্ত্রী ও সন্তানদের জন্য আরো চারটি কবর খুঁড়ে পরিবারের সদস্যদের নিয়ে আত্মহত্যার হুমকি দেয়া হয়েছে।

 

ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুগুটিয়া গ্রামের। জানা গেছে, ওই গ্রামের মৃত তোতা তালুকদারের ছেলে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা ডব্লিউ তালুকদার প্রায় ১২ বছর পূর্বে পৈত্রিক সম্পত্তিত্বে এক তলা পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন। কয়েকদিনের মধ্যে তিনি ঋণের দায়ে ওই পাকা ভবন নিজের ভাই বাহালুল তালুকদার ওরফে তারেকের কাছে বিক্রি করেন। বাহালুল তালুকদার ওই ভবন বসবাসের উপযোগী করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।

 

সম্প্রতি পুণরায় ওই ভবনের মালিকানা দাবি করে ডব্লিউ তালুকদার ভাইয়ের কাছে টাকা দাবি করে আসছে। দাবীকৃত টাকা না পেয়ে গত তিনদিন পূর্বে নিজ বাড়ির পারিবারিক কবরস্থান তিনি (ডব্লিউ তালুকদার) শ্রমিক নিয়ে নিজের জন্য একটি কবর খোঁড়েন। পাশাপাশি তার দাবীকৃত টাকা না পেলে স্ত্রী ও সন্তানদের জন্য আরো চারটি কবর খুঁড়ে পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যা করার হুমকি দেন। পাশাপাশি তাদের মৃত্যুর জন্য বাহালুল তালুকদার ওরফে তারেক দায়ী থাকবেন বলেও এলাকায় প্রচার করা হয়।

শনিবার বিকেলে সরেজমিনে ডব্লিউ তালুকদার বলেন, আমি পরিবারসহ ঢাকায় একবছর পূর্বে বেড়াতে গেলে নিজের নির্মাণ করা পাকা ভবনের তালা ভেঙ্গে বড় ভাই বাহালুল তালুকদার দখল নিয়ে পরিবারসহ বসবাস করে আসছেন। আমি আমার ভবন ফিরে পাওয়ার জন্য বিভিন্ন লোকজনের কাছে ধর্ণা দিয়েও কোন সমাধান পাইনি।

যে কারনে আমি পরিবারের সদস্যদের নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। ভবনের সমাধান না পেলে আমি পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যার করার জন্য কবর খুঁড়েছি। আর আমাদের মৃত্যুর জন্য বড় ভাই বাহালুল তালুকদার দায়ী থাকবেন। এ ব্যাপারে বাহালুল তালুকদার বাড়িতে না থাকায় তার স্ত্রী আয়শা সিদ্দিকী বলেন, আমরা ২৬ লাখ টাকায় ওই ভবন ডব্লিউ তালুকদারের কাছ থেকে ক্রয় করে বসবাস করে আসছি।

বর্তমানে ডব্লিউ তালুকদার কবর খুড়ে যে নাটক শুরু করেছে তাতে আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি। এ ব্যাপারে রাজিহার ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস তালুকদার বলেন, ডব্লিউ তালুকদার আমার পরিষদের ইউপি সদস্য ছিল। ওর বির্তকিত কর্মকান্ডের কারনে এলাকার কেউ ওকে পছন্দ করেনা। এখন কবর খুড়ে নাটক শুরু করেছে।

ওকে আমি ফোনে কবর খুঁড়তে নিষেধ করেছি। থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, ভবন নিয়ে বিরোধের ব্যাপারে ডব্লিউ তালুকদারের দায়ের করা একটি লিখিত অভিযোগ পেয়েছি। পাশাপাশি কবর খোঁড়ার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কবর খোঁড়ার ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও