আওয়ামী লীগ জনগণের অধিকার নিশ্চিত করেছে: এমপি শাওন
আগস্ট ০৯ ২০২৩, ১৯:২৪
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের জনগণের অধিকার নিশ্চিত করেছে।
বর্তমান সরকারের আমলেই দেশের অসহায় মানুষের ভাগ্যন্নোয়ন হচ্ছে। কারণ আওয়ামী লীগ দেশের জনগণের কল্যাণের সরকার। যতদিন রাষ্ট্র ক্ষমতায় শেখ হাসিনা থাকবে, ততদিন দেশের মানুষ ভালো থাকবে।
এ জন্য আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ফের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ভোলার লালমোহন উপজেলা
প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান শেষে এক
আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এরআগে, গণভবন থেকে সারাদেশে এ গৃহ ও জমির দলিল প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমনের সঞ্চালনায় এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা প্রকৌশলী রাজিব সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।









































