বরিশালে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
এপ্রিল ২১ ২০২৩, ২০:৫৪
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ গোলাম ফারুক জানিয়েছেন, সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে ঈদ জামাতের জন্য উপযোগী করে তোলা হয়েছে। এখানে একসঙ্গে পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান জামাতে নামাজ আদায় করবেন।
অন্যদিকে নগরের দ্বিতীয় প্রধান জামাত হবে আমতলা মোড় এলাকার বরিশাল সদর মডেল মসজিদে। বরিশাল ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা রেজা মো. মোহসীন বলেন, মুসল্লিদের কথা বিবেচনা করে বরিশাল সদর মডেল মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয়টি জামাত সাড়ে ৯টায় হবে।
এ ছাড়া চকবাজার এলাকার জামে এবাদুল্লাহ ও গীর্জা মহল্লার জামে কসাই মসজিদে দুটি করে জামাত অনুষ্ঠিত হবে। জামে এবাদুল্লাহ মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয়টি সাড়ে ৯টায় হবে। জামে কসাই মসজিদে সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরিফে সকাল সাড়ে ৮টায়, উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ ও নেছারাবাদ দরবার শরিফে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগরের সভাপতি মাওলানা কাজী আব্দুল মান্নান জানান, বরিশাল মহানগরীর সাড়ে পাঁচশ মসজিদ রয়েছে। সকাল ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে সব মসজিদ ও ঈদগাহে নামাজ শেষ হবে। সব মসজিদে ঈদের জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে









































