বরিশাল নগরীতে তিন কিশোরের মারধরে সহপাঠীর মৃত্যু

এপ্রিল ১৪ ২০২৩, ১৫:৩৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল নগরীতে পটকা ফুটানো নিয়ে বিরোধে তিন কিশোরের মারধরে এক কিশোরের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোর রমজান আলী বেপারী মারা যায়।

রমজান হাজেরা খাতুন স্কুল সড়কের বাসিন্দা বাদল বেপারীর ছেলে। রমজান ব্যাটারিচালিত রিকশার চালক।

আটকরা হচ্ছে- হাজেরা খাতুন সড়কের আল-আমিন হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার এবং লুৎফুর রহমান সড়কের বাসিন্দা সাকুরা পরিবহনের হেলপার রেজাউল হাওলাদারের ছেলে রিফাত হাওলাদার। এ ঘটনায় অপর অভিযুক্ত হৃদয় এলাকা থেকে পালিয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের পরিদর্শক (ওসি/তদন্ত) লোকমান হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার রাতে হাজেরা খাতুন স্কুলের পিছনে বালুর মাঠে পটকা ফুটাচ্ছিল ওই চারজন। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে আটককৃতদের সাথে রমজানের দ্বন্দ্ব হয়।

এর জেরে রমজানের মাথায় ঘুষি ও পেটে লাথিসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তারা। এতে রমজান অসুস্থ হয়ে পড়লে আজ সকালে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালের আইসিউতে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর ওই দুই জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে নিহতের স্বজনেরা।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা বিমানবন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিএম মেহেদি হাসান জানান, রমজানের মাথায় ও বাম কানের উপরিভাগে আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে ঘুষিতে মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয়েছে।

তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিতভাবে মৃত্যুর কারণ জানানো সম্ভব হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া