দূরপাল্লার রুটের ১৫ পরিবহন কাউন্টার বন্ধ করলো বাস মালিক গ্রুপ
মার্চ ০৭ ২০২৩, ১০:৪৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকায় থাকা দূরপাল্লার রুটে নামী দামি ১৫ টি পরিবহন কোম্পানির কাউন্টার বন্ধ করে দিয়েছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে। এতে করে ভোগান্তিতে পড়েছে কয়েকশ যাত্রী।
সিটি মেয়র ও পুলিশ কমিশনারের নির্দেশে এই বাস কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক। তবে পুলিশ কমিশনার বলছে এমন কোনো নির্দেশনা কাউকেই দেওয়া হয়নি। সোমবার সন্ধ্যায় এসব কাউন্টারগুলো বন্ধ করে দেয়া হয়।
নথুল্লাবাদ বাস টার্মিনালের বাইরে ঢাকাগামী গ্রীনলাইন, ইউনিক, এনা, শ্যামলী, সোহাগ, টাইম ট্রাভেলস, ইউরো কোচ, সাকুরা, হানিফ, মিজান, বিএমএফ ও ইলিশ পরিবহনের কাউন্টার রয়েছে। বাকি কাউন্টারগুলো বন্ধ রাখলেও জেলা বাস মালিক গ্রুপ পরিচালিত বিএমএফ ও ইলিশ পরিবহনের কাউন্টার বন্ধ করে দেয়নি বাস মালিক গ্রুপ।
নাম প্রকাশ না করার শর্তে এক কাউন্টার ম্যানেজার বলেন, বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে টার্মিনালের বাইরে থাকা কাউন্টারগুলোতে নির্ধারিত অংকের চাঁদা দাবী করেছিলো। আর তা না পেয়ে মেয়র সাদিক আব্দুল্লাহ ও পুলিশ কমিশনার সাইফুল ইসলামের নাম ব্যবহার করে কাউন্টার বন্ধ করে দিয়েছে।
গ্রীনলাইন পরিবহনের ব্যবস্থাপক হাসান সরদার বাদশা বলেন, সন্ধ্যার দিকে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারন সম্পাদক কিশোর কুমার দে’র নেতৃত্বে মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এসে প্রথমে যাত্রীদের বের করে। পরে তাদের কাউন্ডারের মধ্যে রেখে তালাবদ্ধ করার চেষ্টা করে। তখন অনুরোধ করে তারা বেরিয়ে পড়ার পর মালিক ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ কাউন্টার তালাবদ্ধ করে বন্ধ করে দিয়েছে।
বাদশা বলেন, গ্রীন লাইনের যাত্রীরা সাধারনত প্রথম শ্রেনীর যাত্রী। টার্মিনালে তাদের বিশ্রাম নেয়ার, নামাজ আদায়, বসারসহ বাথরুম সুবিধা দেয়ার সুযোগ নেই। মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের চাপে তারা বাধ্য হয়ে যাত্রীদের টার্মিনালে পাঠাচ্ছেন। এতে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
তিনি আরো জানান, প্রতিদিন টার্মিনালের বিপরীতে তাদের কাউন্টারের সামনে থেকে ১৪/১৫টি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে তিনশ’ থেকে সাড়ে তিনশ’ যাত্রী থাকে।
এসব যাত্রীদের টার্মিনালের কাউন্টারে ভোগান্তি থেকে রক্ষায় সুবিধা দেয়ার কোন সুযোগ নেই। নগরীর গড়িয়ার পাড় এলাকায় নতুন টার্মিনাল এখনো ব্যবহার উপযোগি হয়নি। সকল বাস যদি টার্মিনাল থেকে ছাড়তে হয়। তাহলের ভোগান্তির অন্ত থাকবে না। তাই বিকল্প কোন ব্যবস্থা করার প্রয়োজন ছিলো বলে জানিয়েছেন বাদশা।
ইউনিক পরিবহনের কাউন্টার ইনচার্জ মো. ইউনুস বলেন, তাদের বাস কুয়াকাটা থেকে ছেড়ে আসে। এসব বাস নথুল্লাবাদ বিআরটিসি বাস ডিপোর পাশে থামিয়ে যাত্রী নেয়।
আমাদেন কোনো বাস কাউন্টারের সামনে রাখা হয় না। টার্মিনালে বাস প্রবেশ ও বের হতে সমস্যা। কিন্তু মালিক সমিতির নেতৃবৃন্দ এসে কাউন্টার বন্ধ করে দিয়েছে।
ইউনিক পরিবহনের ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কাউন্টারের সামনে দাড়ানো যাত্রী নগরীর জর্ডান রোড এলাকার বাসিন্দা মাহফুজ হোসেন বলেন, গাড়ি আসবে ১১টায়। কিন্তু কাউন্টার তালাবদ্ধ করায় সামনে দাড়িয়ে রয়েছি।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও পুলিশ কমিশনার সাইফুল ইসলাম স্যার নথুল্লাবাদ এলাকায় যানজট নিরসনে সড়কের পাশের সকল কাউন্টার বন্ধ করতে বলেছেন, কারন এখানে যানজট হলে মেয়রের বদনাম হয়। সেটা করতে দেয়া হবে না। কারো কাছে চাঁদা দাবীর কোনো বিষয় নেই।
দুই ছাত্রলীগ নেতার পরিচালনাধীন ইলিশ ও বিএমএফ পরিবহনের রাস্তার পাশের কাউন্টার বন্ধ না করার বিষয়ে কোন মন্তব্য করেননি কিশোর কুমার দে।
আ/ মাহাদী









































