বরিশাল ছাত্রলীগ নেতা রিয়াজ ভূঁইয়া ফেন্সিডিলসহ গ্রেপ্তার
ফেব্রুয়ারি ২১ ২০২৩, ২২:২২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালে ফেন্সিডিলসহ আরিফুর রহমান রিয়াজ ভূঁইয়া নামের এক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা টিম মঙ্গলবার তাঁকে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন শহরের ২৯ ওয়ার্ডের পশ্চিম ইছাকাঠী থেকে গ্রেপ্তারে সফলতা পায়।
চল্লিশোর্ধ্ব ছাত্রনেতা রিয়াজ ভূঁইয়া বরিশাল মহানগর ছাত্রলীগের প্রাক্তন কমিটির পদধারী নেতা ছিলেন। এবং তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের শীর্ষ এক নেতার লোক হিসেবে পরিচিত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, আরিফুর রহমান রিয়াজ ভূঁইয়া দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছেন। বিভিন্ন মাধ্যমপ্রাপ্ত তথ্য বিচার-বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত হয়ে একটি কদিন ধরে গোয়েন্দা টিম তাকে অনুসরণ করছিল। পরে মঙ্গলবার সংস্থাটির সহকারি পরিচালক (এডি) এনায়েত হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা রিয়াজকে গ্রেপ্তারসহ তাঁর বাসার ওয়্যারড্রবে তল্লাশি করে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
স্থানীয় ও মাদকদ্রব্য অধিদপ্তর সূত্র জানায়, এই ছাত্রলীগ নেতা যে মাদক বিক্রিতে জড়িত তা রাজনৈতিক এবং পুলিশের অনেক সদস্যই জানতেন।
কিন্তু ক্ষমতাসীন রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা এবং প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতার স্নেহভাজন হওয়ায় তাঁকে আটক করতে পুলিশ সাহস দেখায়নি। কিন্তু তাঁর শেষরক্ষা হল না। পরিশেষে গ্রেপ্তার হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে।
বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক কমিটির এক নেতা জানান, রিয়াজ ভূঁইয়া আগে মাদকসেবন করতেন, কিন্তু তিনি যে বিক্রিতেও জড়িত এটা লুকায়িত ছিল।
ওই ছাত্রলীগ নেতা আরও জানান, রিয়াজ বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হলেও স্থানীয় ওই আওয়ামী লীগ নেতার সকল কর্মসূচিতে অংশ নিতেন এবং তাঁকে যুবলীগের ব্যানারে রাজপথে নামতে দেখা যেতো।’
আ/ মাহাদী









































