বরিশালে নিখোঁজের ৪ দিন পর কীর্তনখোলা থেকে মাঝির লাশ উদ্ধার
ফেব্রুয়ারি ১৭ ২০২৩, ১৫:৩১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নিখোঁজের চারদিন পর বরিশালের কীর্তনখোলা নদী থেকে সোহেল খান নামে এক মাঝির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌ থানা পুলিশের উপ পরিদর্শক মো. মাসুম।
উদ্ধারকৃত ব্যক্তি ঝালকাঠি জেলার আমিরাবাদ ইউনিয়নের মগর গ্রামের মৃত জলিল খানের ছেলে সোহেল খান। তিনি বরিশাল নগরীর ৫নং ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনির ভাড়াটিয়া।
উপ পরিদর্শক মো. মাসুম জানান, কীর্তনখোলা নদী সংলগ্ন কোস্টগার্ডের টার্মিনালের পাশে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত সোহেল খান একটি ট্রলারের মাঝি ছিলেন।
গত ১৩ ফেব্রুয়ারি বেলতলা খেয়াঘাট এলাকায় ট্রলার থেকে নদীতে পরে যায়। নিখোঁজের চারদিন পর সকালে নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা।
তিনি আরও জানান, লাশ উদ্ধারের খবর পেয়ে নিহতের স্বজনরা থানায় এসেছেন। লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আ/ মাহাদী









































