মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের জন্মজয়ন্তী উদ্যাপিত
জানুয়ারি ৩০ ২০২৩, ১৭:৩৫
নিজস্ব প্রতিবেদক ॥ নির্যাতিত, নিপীড়িত ও অবহেলিত গণমানুষের নেতা অবিভক্ত ভারতবর্ষের আইনমন্ত্রী মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের ১১৯ তম জন্মজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী নানা কর্মসূচির পালিত হয়েছে।
জন্মজয়ন্তী উৎসব উপলক্ষ্যে যোগেন্দ্রনাথ মন্ডলের জন্মস্থান জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের মৈস্তারকান্দিতে যোগেন্দ্রনাথ মন্ডলের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন, আলোচনা সভা ও বাউল গানের আয়োজন করা হয়।
মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি পরিষদের আয়োজনে রবিবার সন্ধ্যায় জন্মজয়ন্তী উদ্যাপন কমিটির আহবায়ক মোক্তার হোসেন সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া। পরিষদের সাধারণ সম্পাদক ডা. মনোতোষ সরকারের সঞ্চালনায় ইতিহাসের আলোকে যোগেন্দ্রনাথ মন্ডলের জীবনীর উপর স্মৃতিচারণ করেন পরিষদের তথ্য ও গবেষনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদার।
বক্তব্য রাখেন, সরকারী শেখ হাসিনা উইমেন্স কলেজের প্রভাষক দ্বীনেশ জয়ধর, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মানিক হাসান, সহকারী প্রধান শিক্ষক শ্যামল জয়ধর, প্রবীণ ব্যক্তিত্ব মন্টু মন্ডল প্রমুখ। সবশেষে রাতভর বাউল গান অনুষ্ঠিত হয়।









































