বরিশালে ওঝার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
জানুয়ারি ২৮ ২০২৩, ১৫:৩২
প্রেস বিজ্ঞপ্তি ॥ নগরীর কাউনিয়া প্রধান সড়ক সংলগ্ন এলাকার বাসিন্দা হেমায়েত মাষ্টার ওরফে ওঝা হেমায়েত চিকিৎসা সেবার নামের নগদ ২ লাখ টাকাসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়েছে। মন্ত্র পড়ে আগুনে পুতুল পুড়ে কুফরী করে ১৫ লাখ টাকা দাবী করছে ওঝা হেমায়েত। এমন অভিযোগ এনে নগরীর কাশিপুর ইছাকাঠি এলাকার বাসিন্দা মমতাজ বেগম সংবাদ সম্মেলন করেছে। শনিবার (২৮ জানুয়ারী) দুপুর বারোটায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউতে ) বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি কাশিপুর এলাকার বাসিন্দা মমতাজ বেগম। গত দুই বছর পূর্বে আমি লোক মারফত জানতে পারি, ডায়াবেটিস রোগ নির্মূল করতে পারে এক ওঝা। তিনি হলেন নগরীর কাউনিয়া প্রধান সড়ক সংলগ্ন এলাকার বাসিন্দা হেমায়েত মাষ্টার। ডায়াবেটিস রোগের পাশাপাশি তখন আমি পলিপাস ও পাইলস রোগে আক্রান্ত ছিলাম।
এ সব রোগের কথা বলার পর হেমায়েত ওঝা আমাকে বাহিরের চিকিৎসা নিতে বারণ করে। গত দু’বছরে আমাকে এক এক সময় চা, শরবত ও ডাবের পানি পান করিয়ে ওঝা তার নিজ বসতঘরে চিকিৎসা সেবা দিয়েছে। ওঝার নির্দেশে জ¦ীন রোগীদের চিকিৎসা সেবা দেয়। জ্বীনসহ ওঝা হেমায়েতের চরিত্র খারাপ। আর আমার ঔষধ ছিল ওঝা হেমায়েতের মন্ত্র পড়ে দেয়া ওই তরল পানীয়সহ নানা ফল। পরে চিকিসা সেবা এমন হয়, সপ্তাহ বা মাসের মধ্যে ওঝা হেমায়েত কে নগদ টাকা বা তার বাসায় মাছ-মাংস ও ফল দিলে আমার শরীর সুস্থ থাকে। নয়ত আমার দেহের মধ্যে জ্বালা-পোড়া করতেই থাকে। যে যন্ত্রণা কাউকে বোঝানো যায় না।
ওঝা হেমায়েতের কুফরীর কারণে আমার শরীরে এমন হয়। গত দু’বছরে দফায় দফায় আমি নগদ ২ লাখ টাকাসহ প্রায় ৬ লাখ টাকার মাছ-মাংস ও ফলসহ বিভিন্ন মালামাল দিয়েছি ওঝা হেমায়েতের বসতঘরে। তারপরও আমি রোগ থেকে মুক্তি পাইনি। এবং সুস্থ হইনি। চিকিৎসার নামে ঝাড়-ফুক দেয়ার সময় প্রায়ই ওঝা হেমায়েত আমাকে বলতো, নামাজ পড়ার দরকার নাই। তোমার শরীরের মধ্যে ১টা ভাল, আর ২টা খারাপ জ্বীন দিয়ে দেই। তুমিও সকল রোগীর চিকিৎসা দিতে পারবে। আমার মত তুমিও কুকুর বিড়ালের মধ্যে নিজের আত্মা প্রবেশ করে সকল স্থানে আসা-যাওয়া করতে পারবে।
সারাজীবন ঘরে বসে বসে খেতে পারবি। হঠাৎ ২০২২ সালের গত ১৩ অক্টেবর বৃহস্পতিবার সন্ধ্যায় ওঝা হেমায়েত জরুরী ভিক্তিতে আমাকে তার বসতঘরে ডাকে। ওঝা হেমায়েত আমাকে সামনে রেখে তার নিজের তৈরী করা একটি পুতুলের শরীরে নানা মন্ত্র পড়ে লিখে এবং আমাকে সামনে সেই পুতুলটি পুড়িয়ে ফেলে। এরপর থেকে আমার শরীরের মধ্যে আরো বেশি জ্বালা-পোড়া যন্ত্রণা করে। ক’দিন পরই আমি ওঝা হেমায়েত কে বলি, আমাকে একদম সুস্থ করে দেন। নয়ত আপনার চিকিৎসার পেছনে নগদ টাকাসহ সকল ব্যয় হিসেব করে, আমার খরচ হওয়া সব টাকাগুলো ফেরত দেন। সম্প্রতি ওঝা হেমায়েত কে আমি এ কথা বলা মাত্রই চিরতরে মুক্তির জন্য ১৫ লাখ টাকা দাবী করে।
আর এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আমিসহ আমার পরিবারের লোকজনের সমস্যা হবে বলে ওঝা হেমায়েত হুমকি দেয়। এ সকল প্রস্তাবে আমি রাজি না হওয়ায়, ওঝা হেমায়েত আমাকে কুফরী করে মানসিক রোগী বানানোর পর মেরে ফেলার চেষ্টা করছে বলে আমি মনে করি। আপনার খোঁজ নিয়ে জানতে পারেন, ৬ মাস বা ১ বছর পূর্বে আমি এমন ছিলাম না। দিনে দিনে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছি। আমাকে সামনে বসিয়ে পুতুল পোড়ানোর পর থেকেই আমার জীবনে এলোমেলো হয়ে গেছে। হেমায়েতের কুফরীতে আমিসহ আমার পরিবারের কেউ ক্ষতি হলে দায়ি হবে ওঝাসহ তার পরিবারের লোকজন। ওঝা হেমায়েত তার কুফরী থেকে যেন আমাকে মুক্ত করে দেয়। এবং আমার পরিবারের কাউকে যেন কুফরী দিয়ে ক্ষতি না করে। হেমায়েত ওঝা যেন আমার নেয়া টাকাগুলো ফেরত দেয়। কারণ তার ঝাড়-ফুকে বিন্দু মাত্র উপকার হয়নি। উল্টো শারীরিক ও মানসিকসহ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আমি।
বরিশাল পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। ওঝা হেমায়েত বলেন, এই মমতাজ বেগম তার দরবারে মানত বাবদ কিছু টাকা দিয়েছে। আর যে সব কথা বলে তা সঠিক নয়।









































