বরিশালে দুই নারীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের
জানুয়ারি ২৭ ২০২৩, ১৭:৫১
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ কেদারপুর গ্রামে খাবারের সাথে বিষ মিশিয়ে দুই নারীকে হত্যার ঘটনায় শুক্রবার দুপুরে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ওই গ্রামের মৃত ইউপি সদস্য দেলোয়ার হোসেনের ছেলের বউ নিহত রিপা আক্তারের বাবা শাহজাহান খান বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। বাবুগঞ্জ থানার ওসি মো. মাহবুবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলায় নির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি, অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি।
পুরো ঘটনার তদন্ত চলছে। ওসি আরও বলেন, মামলার তদন্তের স্বার্থে নিহত রিপা আক্তারের স্বামী সোলায়মানকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন নিহতের শাশুড়ি মিনারা বেগমও নজরদারিতে রাখা হয়েছে।
ওসি মাহবুবুর রহমান বলেন, সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের ছেলে বউ ও মায়ের মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি দিবাগত মধ্যরাতে সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের বাড়ি থেকে তার মা ও পুত্রবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সংজ্ঞাহীন অবস্থায় তার স্ত্রী মিনারা বেগমকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।









































