নারীর সঙ্গে ভিডিও চ্যাটে মেতে খোয়ালেন সাড়ে ৩ কোটি টাকা

জানুয়ারি ১৩ ২০২৩, ১৭:৪৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নারীর সঙ্গে এক রাতের ভিডিও চ্যাটই কাল হলো ব্যবসায়ীর। ভিডিও কলের ফাঁদে পড়ে ২ কোটি ৬৯ লাখ ভারতীয় রুপি খুইয়েছেন ওই ব্যক্তি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩ কোটি ৪২ লাখ টাকা।

ভারতের গুজরাটের ওই ব্যবসায়ীর অভিযোগ, একজন নারী তাকে ফাঁদে ফেলে এ কাজ করেছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ জানিয়েছে, ওই নারীর নাম রিয়া শর্মা। তিনি গুজরাটের মরবি জেলার বাসিন্দা। তবে মুম্বাইয়ে থাকেন।

পুলিশ কর্মকর্তা জানান, নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান চালাতেন গুজরাটের ওই ব্যবসায়ী। গত বছরের ৮ আগস্ট তিনি এক নারীর ভিডিও কল পান। ভিডিও কল চলাকালে ওই ব্যবসায়ীকে বিবস্ত্র হতে রাজি করান ওই নারী।

হঠাৎ করেই তিনি কলটি কেটে দেন। এরপর ভুক্তভোগী ব্যবসায়ীর কাছে ৫০ হাজার রুপি দাবি করেন ওই নারী। অন্যথায় তার বিবস্ত্র ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

পুলিশ জানায়, কয়েকদিন পর ভুক্তভোগী ব্যবসায়ীকে ফোন দেন এক ব্যক্তি। ওই ব্যক্তি নিজেকে দিল্লি পুলিশের পরিদর্শক গুড্ডু শর্মা বলে দাবি করেন। তার হাতে ওই ভিডিও ক্লিপ আছে জানিয়ে ব্যবসায়ীর কাছে তিন লাখ রুপি দাবি করেন।

গত বছরের ১৪ আগস্ট দিল্লি পুলিশের সাইবার সেলের পরিচয় দিয়ে আরও একটি ভুয়া কল আসে ওই ব্যবসায়ীর ফোনে। সেখানে তার কাছে ৮০ লাখ ৯৭ হাজার টাকা চাওয়া হয়। তিনি দাবি করেন, ওই নারী আত্মহত্যার চেষ্টা করেছেন।

পরবর্তী সময়ে আবারও কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) অফিস থেকে ফোন করে মামলাটি নিষ্পত্তি করতে ৮ লাখ ৫০ হাজার টাকা দাবি করা হয়। তখন বলা হয়, ওই নারীর মা কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে গেছেন।

এভাবে তিনি ১৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জনকে টাকা পাঠান। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টের একটি জাল মামলার রায় দেখিয়ে তাকে আবারও ফাঁদে ফেলা হয়। তবে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয় ব্যবসায়ীর।

এরপর গত ১০ জানুয়ারি পুলিশের সাইবার সিকিউরিটি ব্রাঞ্চে অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী। সেখানে তিনি ২ কোটি ৬৯ লাখ রুপি হারানোর অভিযোগ করেন।  পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও